মাস্কট, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ওমানের সোহর শহরে একটি থানায় ও একটি সরকারি ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। দেশে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এ ঘটনা ঘটে।
আল জাজিরা জানিয়েছে, রোববার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত দুই জন নিহত হয়েছে। এদিন দুই সহস্রাধিক মানুষ বিক্ষোভ করে।
১৯ ফেব্র"য়ারি দেশে রাজনৈতিক সংস্কার ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভের এক সপ্তাহ পর শনিবার ওমানের মন্ত্রিসভায় রদবদল করা হয়।
ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওনার এক প্রতিবেদনে বলা হয়, সুলতান কাবুস বিন সাইদ শনিবার এক আদেশে নতুন মন্ত্রিসভায় মোহাম্মদ বিন নাসের আল-কাসিবিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী, হামুদ বিন ফয়সাল আল বোউসাইদিকে সরকারি কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং মাদিহা বিনত আহমেদ বিন নাসেরকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
এছাড়া মকবুল বিন আলী বিন সুলতানকে যোগাযোগ মন্ত্রণালয়, মোহসেন বিন মোহাম্মেদ আল-শেখকে পর্যটন মন্ত্রণালয় এবং আগের মন্ত্রিসভার সরকারি কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলাহ আল-হার্থিকে পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০১১ ঘ.
bdnews24