২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে ভূমিকম্পআটকেপড়াদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ভূমিকম্পে বিধ্বস্ত বিল্ডিং-এর ভেতরে আটকেপড়াদের উদ্ধারের আশা শেষ হয়ে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ক্রাইস্টচার্চ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ভূমিকম্পে বিধ্বস্ত বিল্ডিং-এর ভেতরে আটকেপড়াদের উদ্ধারের আশা শেষ হয়ে আসছে। বিবিসি অনলাইন বৃহস্পতিবার জানায়, ইতোমধ্যে ৯৮ টি দেহ মর্গে পাঠানো হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জন কে। পুলিশ জানায়, ২২৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা তাদের তৎপরতা চালিয়েই যাচ্ছেন। তারা এখনো কেউ বেঁচে আছে কিনা তার সন্ধান করছেন। বৃহস্পতিবার এই উদ্ধারকাজে যোগ দিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর ও তাইওয়ানের কয়েকশ' সদস্যের উদ্ধারকারী দল ক্রাইস্টচার্চে পৌঁছেছেন। আটকেপড়াদের কেউ জীবিত রয়েছে কিনা তার সন্ধানে উদ্ধারকারীরা প্রশিক্ষিত কুকুর, সাউন্ড ডিটেক্টর ও ক্যামেরাসহ উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করছেন। কিন্তু এখনো পর্যন্ত কারো বেঁচে থাকার আলামত তারা পায়নি। সর্বশেষ বুধবার বিকেলে একজনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু এরপরও আশা ছাড়েনি উদ্ধারকারীরা। কিথ নর্টন নামে এক উদ্ধারকারী রয়টার্সকে বলেন, "অলৌকিক কিছু ঘটতেও তো পারে। আমরা আশা নিয়ে আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি।" পুলিশ সুপারিনটেনডেন্ট ডেভ ক্লিফ বলেন, স্থানীয় সিটিভির বিধ্বস্ত বিল্ডিং-এর ভেতরেই ৬০ থেকে ১২০ জন আটকা পড়েছেন। তাদের কেউই আর বেঁচে নেই বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ওই বিল্ডিং-এ সিটিভির কার্যালয়সহ একটি ভাষাশিক্ষা স্কুল ও সেবিকা প্রশিক্ষণ স্কুল ছিল। প্রধানমন্ত্রী জন কে পরবর্তী সময়ে বলেন, ওই বিধ্বস্ত বিল্ডিং-এর ভেতর বিদেশি নাগরিকসহ আটকে পড়া কেউই আর বেঁচে নেই। চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের ঘটনায় ১৬৪ জন মারাত্মক আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্যোর্গে প্রায় ২৫০০ জন আহত হন। জন কে বলেন, তার ধারণা মৃতের সংখ্যা ২শ' ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, এ ঘটনায় স্থানীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। নিউজিল্যান্ডে প্রতিবছর ১৪ হাজার বারেরও বেশি ভূমিকম্প হয়। এরমধ্যে ৫-এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয় ২০ বারের কাছাকাছি। মাত্র পাঁচ মাসের ব্যবধানে শহরটিতে গত মঙ্গলবার দ্বিতীয় দফা ভূমিকম্প হয়। প্রায় ৪ লাখ মানুষ অধ্যুষিত শহর ক্রাইস্টচার্চে গত বছরের সেপ্টেম্বরে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়। তবে ওই ভূমিকম্পে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১২ ঘ.