২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে উদ্ধারকাজে নামছে বিদেশি দল

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ভূমিকম্পে বৃহস্পতিবার উদ্ধারকাজে যোগ দেবে কয়েকশ সদস্যের বিদেশি উদ্ধারকারী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ক্রাইস্টচার্চ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ভূমিকম্পে বৃহস্পতিবার উদ্ধারকাজে যোগ দেবে কয়েকশ সদস্যের বিদেশি উদ্ধারকারী দল। নিউজিল্রান্ডে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া অনেকে বেঁচে আছেন। বুধবারও তাদের উদ্ধারের চেষ্টা চালায় কর্মীরা। উদ্ধারপ্রচেষ্টা আরো জোরদার করতে বিদেশি দল উদ্ধারকাজে যোগ দিচ্ছে। তবে কাউকে জবীত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। পুলিশের শিফট কমান্ডার রাসেল গিবসন রেডিও নিউজিল্যান্ডকে বলেন, "আমরা ক্ষুদে বার্তা (এসএমএস) পাচ্ছি এবং ভেতরে আটকেপড়া জীবিতদের শব্দ ধারণ করছি। এই মুহূর্তে এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।" ক্রাইস্টচার্চের মেয়র বব পার্কার জানান, স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্টারদের আবাসন ছিল একটি বিল্ডিং-এ। ওই বিল্ডিং বিধ্বস্ত হয়ে ১৫ জন আটকা পড়েছেন। বিল্ডিংটিতে ইংরেজি মাধ্যমের একটি স্কুলের শিক্ষার্থীদেরও থাকার ব্যবস্থা ছিল। আশঙ্কা করা হচ্ছে প্রায় ডজনেরও বেশি জাপানি শিক্ষার্থী বিধ্বস্ত বিল্ডিং-এর ভেতরে আটকা পড়েছে। এক উদ্ধারকর্মী বলেন, "আমরা ওই বিল্ডিং-এর ভেতরে ক্যামেরা পাঠিয়েছি। সেখানে ১৫ জন আটকে রয়েছেন। আমাদের কর্মীরা এখন তাদের বাইরে বের করে আনার জন্য কাজ করছে।" মৃতদের মধ্যে ৫৫ জনকে এ পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ২০ জনের পরিচয় অচিরেই নিশ্চিত করা সম্ভব হবে। এরআগে মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জন কে ৬৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেন। পরিস্থিতির এ পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ৬.৩ মাত্রার এ ভূমিকম্পে এর আগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল। মাত্র পাঁচ মাসের ব্যবধানে শহরটিতে মঙ্গলবার দ্বিতীয় দফা ভূমিকম্প হয়। প্রায় ৪ লাখ মানুষ অধ্যুষিত ক্রাইস্টচার্জ শহরটিতে গত বছরের সেপ্টেম্বরে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়। তবে ওই ভূমিকম্পে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১২ ঘ.