ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার মধ্যে সেখান থেকে নিজ দেশে ফেরার চেষ্টা করছে লাখো বিদেশি নাগরিক।
প্রায় ১০ হাজার মিশরীয় লিবিয়া থেকে পালিয়ে দেশে ফিরছে। গত বুধবার থেকে লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা শুরু হওয়ার পর থেকে অনেকে মিশরে ফিরেছেন বলে জানিয়েছে বিবিসি।
লিবিয়া সীমান্তে দুটি অস্থায়ী চিকিৎসা সেবা কেন্দ্র চালু করেছে মিশরের সেনাবাহিনী।
লিবিয়া ছেড়ে যাওয়াদের মধ্যে অসুস্থ ও আহতদের সেবা দেওয়া হচ্ছে সেখানে।
নাগরিকদের উদ্ধারে লিবিয়ায় চারটি হেলিকপ্টার পাঠানোর কথা বলেছে মিশরীয় কর্তৃপক্ষ।
তবে পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবোউল ঘেতি জানান, বেনগাজি বিমান বন্দর বিমান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
তিনি বলেন, "লিবিয়ায় আমাদের ১০ থেকে ১৫ লাখ নাগরিক রয়েছে। রাস্তায় বের না হয়ে ঘরের মধ্যে অবস্থান করার জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।"
এছাড়া, চীন তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লিবিয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
তুরস্কের প্রায় তিন হাজার নাগরিককে উদ্ধারের জন্য বেনগাজিতে তিনটি তুর্কি জাহাজ পাঠানো হয়েছে। ইতোমধ্যেই তুরস্কের এক হাজার নাগরিক নিরাপদে বিমানে উঠেছে।
ইতালি নাগরিকদের উদ্ধারে বিমান বাহিনীর তিনটি সি-১৩০ বিমান লিবিয়ায় পাঠানোর আয়োজন করছে। সেখানে ইতালির দেড় হাজার নাগরিক রয়েছে।
লিবিয়ায় জরুরি কাজে নিয়োজিত রয়েছে এমন মার্কিন নাগরিক ছাড়া বাকিদের লিবিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ নাগরিকদের লিবিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রণালয়। লিবিয়ায় বসবাসরত সাড়ে তিন হাজার ব্রিটিশ নাগরিকের বেশিরভাগই ইতোমধ্যে লিবিয়া ছেড়েছে। বাকিদের বাণিজ্যিক ফ্লাইটে লিবিয়া ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তেল কোম্পানি রয়েল ডাচ শেল জানিয়েছে, তাদের সব কর্মকর্তা-কর্মচারীকে অস্থায়ীভাবে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া, ইতালির তেল কোম্পানি এনি ও ফ্রান্সের টোটালও তাদের কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার তৎপরতা শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24