ত্রিপোলি, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশত্যাগের খবরকে উড়িয়ে দিয়ে রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে ভাষণ দিয়েছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি।
মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে গাদ্দাফি বলেন, "আমি সবাইকে জানাতে চাই, আমি ত্রিপোলিতেই আছি, ভেনেজুয়েলায় নয়।"
গত সপ্তায় লিবিয়ায় রাজনৈতিক সংস্কার ও গাদ্দাফির ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে আন্দোলন শুরু হয়।
এরপর এই প্রথমবারের মতো তিনি বিক্ষোভ-আন্দোলন প্রসঙ্গে মুখ খুললেন। ২২ সেকেন্ডের ওই ভাষণে লিবিয় নেতা গাদ্দাফি সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত তার দেশত্যাগের খবর প্রত্যাখ্যান করেন।
এরআগে গুজব উঠেছিল, গাদ্দাফি তার ঘনিষ্ট বন্ধু হুগো শাভেজের দেশ ভেনেজুয়েলায় পালিয়ে গেছেন। একাধিক সংবাদসংস্থা তার দেশত্যাগের খবর প্রকাশ করে।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছিল, "তার (হগ) কাছে খবর আছে, লিবিয়া ত্যাগ করে ভেনেজুয়েলায় যাচ্ছেন গাদ্দাফি।"
অবশ্য ভেনেজুয়েলার পক্ষ থেকে এবং লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এই খবর অস্বীকার করেছে বলে আল জাজিরা জানায়।
মুয়াম্মার গাদ্দাফি ১৯৬৯ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাদশা ইদ্রিসকে হটিয়ে ক্ষমতা দখল করেন। এরপর থেকে ৪১ বছর ধরে লিবিয়া শাসন করছেন তিনি।
মঙ্গলবার উপকূলীয় শহর ত্রিপোলির স্থানীয় একজন অধিবাসী জানান, "এই মুহূর্তে প্রবল বৃষ্টি হচ্ছে। লোক-জন বাড়ির ভেতরেই রয়েছে।" ওই অধিবাসী আরো জানান, "আমি শহরের পূর্বাঞ্চলে অবস্থান করছি। সংঘর্ষের কোনো শব্দ এখনো শুনিনি।"
এরআগে ত্রিপোলিতে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়। সেখানে যুদ্ধ বিমান থেকে আন্দোলনকারীদের ওপর বোমা বর্ষণ করা হয় এক রাজনৈতিককর্মী জানান।
ইতোমধ্যে বেনগাজি শহর দখলে নিয়েছে আন্দোলনকারীরা।
দেশটিতে এ পরিস্থিতিতে গৃহযুদ্ধের আশঙ্কায় লিবিয় সরকারের দমন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। এর বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে তারা।
পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক আহ্বান করেছে বলে কূটনৈতিকসূত্রে জানা গেছে।
নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ রোববার জানায়, গত বুধবার থেকে লিবিয়ায় শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে কমপক্ষে ২৩৩ জন নিহত হয়েছে ।
অন্যদিকে, চলমান অবস্থা অব্যাহত থাকলে অর্থাৎ লিবিয় সরকার আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন বন্ধ না করলে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি জানায় ওবামা প্রশাসন।
ওয়াশিংটনে এক মার্কিন কর্মকর্তা বলেন, "সম্ভাব্য সব যথাযথ পদক্ষেপের বিষয় বিবেচনা করছি আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.
bdnews24