২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির ওপর চাপ বাড়ছে

লিবিয়ায় চলমান বিক্ষোভ-সহিংসতায় শ' শ' মানুষ হতাহতের ঘটনায় পশ্চিমাদের তীব্র নিন্দা ও হুমকির পাশাপাশি স্বদেশের শীর্ষ কূটনীতিকদের পদত্যাগের কারণে নেতা মুয়াম্মার গাদ্দাফির ওপর চাপ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ত্রিপোলি, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় চলমান বিক্ষোভ-সহিংসতায় শ' শ' মানুষ হতাহতের ঘটনায় পশ্চিমাদের তীব্র নিন্দা ও হুমকির পাশাপাশি স্বদেশের শীর্ষ কূটনীতিকদের পদত্যাগের কারণে নেতা মুয়াম্মার গাদ্দাফির ওপর চাপ বাড়ছে। বেনগাজি শহর ইতোমধ্যেই বিক্ষোভকারীদের দখলে চলে গেছে। তুমুল বিক্ষোভ-সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ত্রিপোলিতেও। এ পরিস্থিতিতে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে একযোগে লিবিয়া সরকারের বিক্ষোভ দমনাভিযানের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। এর বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে তারা। ফলে বাড়তি চাপের মুখে পড়েছে গাদ্দাফি প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার তীব্র বিরোধিতা করছি আমরা। লিবিয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ারও হুমকি দেয় তারা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিক্ষোভকারীরা রাজধানী ত্রিপোলিতে সরকারি ভবন 'পিপলস হল'-এ আগুন দিয়েছে। ত্রিপোলিতে রোববার থেকে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত ৬১ জন নিহত হয়েছে। অন্যদিকে, কয়েকশ সশস্ত্র লিবিয় বিক্ষোভকারী দক্ষিণ কোরিয়া-পরিচালিত একটি নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালালে ১৫ বাংলাদেশিসহ অন্তত ১৮ জন বিদেশি আহত হয় বলে সোমবার খবর পাওয়া গেছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ রোববার জানায়, গত বুধবার থেকে লিবিয়ায় শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে কমপক্ষে ২৩৩ জন নিহত হয়েছে । পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে টানা চার দিনের বিক্ষোভে সহিংসতার পর রোববার থেকে নিয়ন্ত্রণ নিয়েছে বিক্ষোভকারীরা। লিবিয়া সরকার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধ না করলে তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে বলে জানায় ওবামা প্রশাসন। ওয়াশিংটনে এক মার্কিন কর্মকর্তা বলেন, "সম্ভাব্য সব যথাযথ পদক্ষেপের বিষয় বিবেচনা করছি আমরা।" ব্রিটেন ও ফ্রান্স সরকারও লিবিয়ার বিক্ষোভে সহিংসতার নিন্দা জানিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে। আরব লীগে লিবিয়ার কূটনীতিক আব্দেল মোনেইম আল-হোনি লিবিয়ার জনগণের বিক্ষোভে যোগ দেবেন বলে ঘোষণা করেছেন। ভারতে দেশটির রাষ্ট্রদূত আলি আল আসায়ি পদত্যাগ করেছেন। আসায়ি বিবিসিকে জানান, দুই শতাধিক সরকারবিরোধী আন্দোলনকারীকে হত্যার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন। লিবিয়া সরকারের সাবেক প্রধান মুখপাত্র মোহাম্মদ বায়োউ বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে ভুল করছে সরকার। রয়টার্সের কাছে পৌঁছা এক বিবৃতিতে লিবিয়ার ক্ষমতাসীনদের সঙ্গে মতবিরোধের বিষয়ে ইঙ্গিত দেন তিনি। ওদিকে, লিবিয়ার সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী ওয়ারফ্লাসহ দুটি আদিবাসী গোষ্ঠী বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছে। গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম সোমবার এক টেলিভিশন ভাষণে বর্তমান পরিস্থিতিতে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন। সাইফ বলেন, "শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। আমরা ইতালিয়ান কিংবা তুর্কিদের মতো লিবিয়া ছেড়ে যাবো না।" তবে দেশে সংস্কার ও বেতন বাড়ানোর বিষয়ে আলোচনায় বসা হবে বলে জানান তিনি। সাইফের ভাষণে প্রতিক্রিয়ায় বেনগাজির এক আইনজীবী বলেন, "তার (সাইফ আল ইসলাম) বক্তব্য শুনে বেনগাজির মানুষ হাসাহাসি করেছে। এটি একই পুরনো গল্প (সংস্কারের প্রতিশ্র"তি)। কেউই তার কথা বিশ্বাস করেনি।" তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 'সে একটা (গাদ্দাফি) মিথ্যাবাদী, প্রতারক। ৪২ বছর ধরে আমরা এই মিথ্যা শুনে আসছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১৮ ঘ.