ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় গ্রেপ্তার মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ড উচ্চ আদালতও বহাল রেখেছে।
গত বছরের মে মাসে নিু আদালতে কাসাবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন কাসাব।
দীর্ঘ শুনানি শেষে সোমবার মুম্বাইয়ের উচ্চ আদালত কাসাবের আবেদন খারিজ করে দিয়ে নিু আদালতের রায় বহাল রাখে বলে বিবিসি জানায়।
মৃত্যুদণ্ড বহাল রাখার পর মুম্বাইয়ের উচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়, এ দণ্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে আপিলের অধিকার কাসাবের রয়েছে। যদি সে আপিলের দাবি জানায় তবে তাকে আইনি সহায়তা দেওয়া হবে।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলসহ বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলা চালানো হয়, যাতে নিহত হয় ১৬৬ জন।
হামলার সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারীদের মধ্যে ৯ জন মারা যায়। একমাত্র কাসাবই জীবিত ধরা পড়েন।
কাসাবের মৃত্যুদণ্ড বহাল রাখার কারণ সম্পর্কে আদালতের বিচারক রঞ্জনা দেশাই এবং রঞ্জিত মোরে বলেন, নির্মমতার চূড়ান্ত একটি ঘটনা নিয়ে এই মামলা। এই অপরাধ ছিলো পূর্বপরিকল্পিত ও ভয়ঙ্কর। এটি সমাজের জন্য একটি হুমকি।
বিচারকদ্বয় বলেন, কাসাব সরাসরি সাতজন মানুষকে হত্যা করেছেন। সহযোগী হিসেবে হত্যা করেছেন ৬৬ জনেরও বেশি মানুষ। বাকিদের হত্যায় তিনি প্ররোচনা জুগিয়েছেন।
আদালত বলেছে, নারী ও শিশুসহ নিরাপরাধ মানুষদের নির্দয়ভাবে হত্যা করলেও কাসাবের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
মৃত্যুদণ্ড বহালের এই রায় ভিডিও লিংকের মাধ্যমে কাসাবকে দেখানো হয়। তাকে আর্থার রোডের কারাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আটকে রাখা হয়েছে।
রায় শোনার সময় কাসাবের পরনে ছিলো সাদা-কালো চেকের কয়েদির পোশাক। আদালতের কার্যক্রম দেখার সময় তিনি হাসছিলেন বলে জানায় বিবিসির প্রতিনিধি প্রাচি পিঙ্গলে।
২০০৮ সালের মুম্বাই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবাকে দায়ী করে ভারত। কিন্তু পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।
এই বিষয়টি নিয়ে বিবদমান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরো অবনতি হয়। পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক নানামুখী উদ্যোগে দুই দেশের সম্পর্কের কিছুটা উন্নতি হয়। চলতি মাসের শুরুতে দুই দেশই পুনরায় শান্তি আলোচনা শুরুর ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৫ ঘ.
bdnews24