ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ পাকিস্তানের পশ্চিম সীমান্তে জঙ্গিদের ওপর চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র। আটক মার্কিন কনস্যুলার কর্মী রেমন্ড ডেভিসকে মুক্ত করার চেষ্টায়ই এ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাক-আফগান সীমান্তের আদিবাসী এলাকাগুলোর জঙ্গি আস্তানায় গত কয়েক মাসে চালক বিহীন বিমান থেকে ঘন ঘন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। কিন্তু গত তিন সপ্তাহে পাক সীমান্তে এরকম কোনো হামলার খবর পাওয়া যায়নি।
বিশ্লেষকদের ধারণা, ডেভিসকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারকে চাপ দেওয়ার এ সময়টিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্র-বিদ্বেষ আর বাড়াতে চাইছে না ওয়াশিংটন। ড্রোন হামলা তারা বন্ধ করেছে সেকারণেই।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা ইতোমধ্যেই পাকিস্তানিদের ক্ষেপিয়ে তুলেছে। এ হামলায় নিরীহ মানুষের প্রাণহানি এবং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে অনেকেই।
ফলে ডেভিসকে নিয়ে মামলা চলার সময়টিতে যুক্তরাষ্ট্র পাকিস্তানে বিদ্বেষ আর বাড়াতে চাইছে না।
গত মাসে লাহোরে দুই পাকিস্তানিকে গুলি করে হত্যার অভিযোগে মার্কিন কনস্যুলেট কর্মী ডেভিসকে আটক করেছে পাকিস্তান। ডেভিস এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও বলেছেন ডাকাতি থেকে আত্মরক্ষার্থে তিনি গুলি চালিয়েছেন।
যুক্তরাষ্ট্র ডেভিসের কূটনৈতিক ছাড় আছে দাবি করে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলেছে। তবে পাকিস্তান তার মুক্তির ব্যাপারে সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছে আদালতের ওপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫২ঘ.
bdnews24