ত্রিপোলি, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় ৪ দিনের বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা ১শ ছাড়িয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) রোববার একথা জানানোর পর লিবিয়া সরকারের দমনাভিযানের নিন্দায় বিশ্ব নেতাদেরকে সরব হওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটেন।
এইচআরডব্লিউ'র উদ্ধৃতি দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় লিবিয়ায় নিহত হয়েছে অন্তত ১৭৩ জন।
আর শুধু শনিবারে বেনগাজিতে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় অন্তত ৪৫ জন। আহত হয় ৯শ' জন। বেনগাজি শহরের হাসপাতালের এক ডাক্তার একথা জানান।
রোববার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এ দমনপীড়নের নিন্দা করার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানিয়ে বলেন, "বিশ্বেরর নির্দ্বিধায় এ দমননীতির নিন্দা জানানো উচিত।"
লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগ ও দেশে গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে জনতা।
শনিবার লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে আগের দিন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের লাশ নিয়ে করা শোক র্যালিতে যোগ দেওয়া বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে সেনাবাহিনী।
সেনা সদস্যরা সে সময় মেশিনগান ও মর্টারসহ ভারী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
বেনগাজির এক চিকিৎসক বিবিসি'কে বলেন, শনিবারের গুলিতে ৪৫ জন নিহত হয়েছে এবং ৯০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে লিবিয়ায় ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও আল-জাজিরা ওয়েবসাইট।
উইলিয়াম হেগ বলেন, "কর্নেল গাদ্দাফির উচিত মৌলিক মানবাধিকারকে শ্রদ্ধা করা। কিন্তু বিক্ষোভকারীদের ওপর লিবিয়া কর্তৃপক্ষ যে মারাত্মক ও ভয়াবহ দমনপীড়ন চালাচ্ছে তাতে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।"
তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলী গণবিক্ষোভের মুখে গত ১৪ জানুয়ারি ক্ষমতা ছেড়ে সপরিবারে সৌদি আরব পালিয়ে যান। পরবর্তীতে টানা ১৮ দিনের গণবিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি পদত্যাগ করেন মিশরের তিন দশকের শাসক প্রেসিডেন্ট হোসনি মুবারক।
দেশ দুটির সফল বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে বুধবার থেকে লিবিয়ায় সরকার পতনের দাবিতে আন্দোলন শুরু হয়।
ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে সংগঠিত হয়ে বৃহস্পতিবারকে 'ক্ষোভের দিন' নাম দিয়ে সরকার পতনের দাবিতে বিক্ষোভে করে কয়েক হাজার মানুষ।
১৯৬৯ সালে তরুণ কয়েকজন সেনা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেন গাদ্দাফি। তখন থেকে দেশটি শাসন করে আসছেন তিনি। গাদ্দাফি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের কোনো দেশের শাসকদের অন্যতম এবং লিবিয়ার সবচেয়ে বেশি সময়ের শাসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১৭ ঘ.
bdnews24