২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বিক্ষোভ-সহিংসতায় নিহত ২৪

লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। সরকার পতনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ত্রিপোলি, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। সরকার পতনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে আবারো রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। তাছাড়া, আল-বায়েদায়ও বিক্ষোভকারীরা ঘাঁটি গেড়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত ও অনেকে আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। বৃহস্পতিবারকে 'ক্ষোভের দিন' নাম দিয়ে সরকার পতনের দাবিতে বিক্ষোভ করে লিবিয়ার জনতা। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় হতাহতের ঘটনায় রাতেও বিক্ষোভ চলতে থাকে। ওদিকে, রাজধানী ত্রিপোলির রাজপথে নামে দেশটির চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির সমর্থকরা। দেশের পাঁচটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়লেও রাজধানী ত্রিপোলিতে এখনো সংঘর্ষ হয়নি বলে জানিয়েছে বিবিসি। শুক্রবার বেনগাজি ও আল-বায়েদায় নিহতদের সমাহিত করার সময় বিক্ষোভ আরো জোরালো হওয়ার আশঙ্কা আছে। গণবিক্ষোভের মুখে গত ১৪ জানুয়ারি তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলী ক্ষমতা ছেড়ে সপরিবারে সৌদি আরব পালিয়ে যান। পরবর্তীতে টানা ১৮ দিনের বিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি পদত্যাগ করেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। দেশ দুটির সফল বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে সরকার পতনের আন্দোলন শুরু করেছে লিবিয়ার জনতা। ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারে সংগঠিত হয়ে বৃহস্পতিবারকে 'ক্ষোভের দিন' নাম দিয়ে সরকার পতনের দাবিতে বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ। ১৯৬৯ সালে তরুণ কয়েকজন সেনা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেন গাদ্দাফি। তখন থেকে দেশটি শাসন করে আসছেন তিনি। গাদ্দাফি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের কোনো দেশের শাসকদের অন্যতম এবং লিবিয়ার সবচেয়ে বেশি সময়ের শাসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬০৮ ঘ.