বাগদাদ, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের উত্তরাঞ্চলীয় সুলায়মানিয়া শহরে বিক্ষোভকালে বৃহস্পতিবার ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৭ জন।
সুলায়মানিয়া শহরের প্রত্যক্ষদর্শীরা বলেছে, প্রায় ১ হাজার বিক্ষোভকারী কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টির সদরদপ্তরে পাথর ছুড়তে শুরু করলে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা গুলি ছোড়ে সদরদপ্তরের নিরাপত্তারক্ষীরা।
এতে দুই জন নিহত হয় এবং ৪৭ জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র।
বিক্ষোভ হয়েছে কুট, কিরকুকসহ অন্যান্য শহরেও। বিভিন্ন শহরে স্থানীয় সরকারের বিরুদ্ধে দফায় দফায় এ বিক্ষোভ হয়। খাদ্য ও বিদ্যুৎ স্বল্পতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা।
কুট শহরের বিক্ষোভে বুধবার ৭শ' মানুষ স্থানীয় সরকারি ভবনের সামনে জড়ো হয়। সংঘর্ষে নিহত হয় তিনজন। আহত হয় ৫৯ জন।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে জনগণ সরকার পতনের দাবিতে আন্দোলন করলেও ইরাকে মাত্র দুমাস আগে নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসায় বিক্ষোভকারীরা সরকার পতনের দাবি জানাচ্ছে না।
তবে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরাকিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৮ ঘ.
bdnews24