২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে আন্দোলন দমনে সেনা মোতায়েন

বাহরাইনে সরকারবিরোধী আন্দোলন দমন করতে সেনাবাহিনী নামানো হয়েছে। রাজধানী মানামার নিয়ন্ত্রণ এখন সশস্ত্র বাহিনীর হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

মানামা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনে সরকারবিরোধী আন্দোলন দমন করতে সেনাবাহিনী নামানো হয়েছে। রাজধানী মানামার নিয়ন্ত্রণ এখন সশস্ত্র বাহিনীর হাতে। আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি বর্ষণ ও কাঁদুনে গ্যাস ছোড়ার পর বৃহস্পতিবার থেকে মানামার রাস্তায় রাস্তায় ভারী অস্ত্র ও সাঁজোয়াযান নিয়ে টহল দিচ্ছে সশস্ত্রবাহিনী। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আন্দোলনকারীদের নিয়ন্ত্রণের সময় নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন। আন্দোলনকারীরা তাদের ওপর তলোয়ার, ছুরি ও ড্যাগার নিয়ে হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আরো ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে কাঁদুনে গ্যাস ছোড়ে। বিবৃতিতে আরো বলা হয়, নাগরিক ও অধিবাসীদের জান-মালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষমতা দিয়ে মানামায় সেনাবাহিনী নামানো হয়েছে। বাহরাইনে সরকারবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বৃহস্পতিবার ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্ততপক্ষে ২৩১ জন। পাশাপাশি পুলিশের অভিযানের পর ৬০ জন নিখোঁজ রয়েছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুক্রবার নিহতদের শেষকৃত্য শুরু করেছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। মানামার দক্ষিণে সিতরা গ্রামের একটি মসজিদে নিহতদের দাফন অনুষ্ঠানে সমবেত হয় প্রায় ১ হাজার শিয়া। এ সময় তারা সরকার পতনের দাবিতে স্লোগান দেয়। নিহতরা সবাই পুলিশের গুলির শিকার। বর্তমান অবস্থাকে দেশটির ইতিহাসে অন্যতম বাজে রাজনৈতিক পরিস্থিতি বলে ধরা হচ্ছে। মানামার কেন্দ্রস্থল পার্ল স্কয়ারে সোমবার থেকে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ওপর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে হামলা চালায় দাঙ্গা পুলিশ। কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সেখান থেকে তাড়ানো হয়। সুন্নি মুসলিম শাসিত বাহরাইনে সাংবিধানিক সংস্কার, রাজনৈতিক বিবেচনায় বন্দিদের মুক্তিসহ একজন নাগরিকের যেসব স্বাভাবিক অধিকার হরণ করা হয়েছে তার অবসানের দাবিতে মূলত শিয়া মুসলিমরা এই আন্দোলন শুরু করে। পার্ল স্কয়ারে পুলিশের মারমুখী অভিযান প্রসঙ্গে দেশটির প্রধান বিরোধী দল শিয়াপন্থী ওয়েফাক পার্টির জ্যেষ্ঠ সদস্য আবদুল জলিল খলিল রয়টার্সকে বলেন, "এটা স্বৈরতন্ত্র। তারা হত্যার লক্ষ্যেই আন্দোলনকারীদের ওপর হামলার সিদ্ধান্ত নেয়।" দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল বিন ইয়াকুব আল হামের বলেন, পুলিশের অভিযান চলাকালে ৩ জন নিহত হও ২৩১ হন আহত হয়েছে। বিরোধীদলীয় এক আইনপ্রণেতা বলেন, গুরুতর আহত অপর একজন মারা গেছে। এর আগে পুলিশের ওই অভিযান সম্পর্কে বাহরাইনের বিরোধীদলীয় আইনপ্রণেতা ইব্রাহিম মাত্তার বলেন, "আমি সেখানে ছিলাম। মানুষ দিক্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি করছিল। কিন্তু নারী ও শিশুদের জন্য বিষয়টি সহজ ছিল না। তাদের কেউ কেউ তখনো চত্ত্বরের ভেতরেই ছিল।" ইব্রাহিম মাত্তার বাহরাইরেন শিয়াপন্থী প্রধানবিরোধী দল ওয়েফাক পার্টির একজন আইনপ্রণেতা। বুধবার ওয়েফাক পার্টি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে। নতুন ওই সংবিধানের দাবি পূরণ হলে দেশটিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হবে। ওয়েফাক পার্টির সাধারণ সম্পাদক শেখ আলি সালমান এক সাংবাদিক সম্মেলনে বলেন, "আমরা কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র চাই না। আমরা গণতন্ত্র চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস। আর তা করতে হলে নতুন সংবিধান প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০১ ঘ.