ত্রিপোলি, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় বৃহস্পতিবার সরকারবিরোধীরা বিক্ষোভ ডাকার পর কয়েকটি শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
তবে রাজধানী ত্রিপোলিতে এদিন কোনো বিক্ষোভ দেখা যায়নি। বরং রাজধানীর গ্রিন স্কয়ারে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সমর্থকদের সমবেত হয়ে স্লোগান দিতে দেখা গেছে।
বেনগাজির কাছে আল বায়েদা শহরে সংঘর্ষে খবর পাওয়া গেছে। নিরপেক্ষ কোনো সূত্রে এ খবর নিশ্চিত জানা যায়নি।
তবে আল বায়েদার এক বসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে সরকার সমর্থকদের সঙ্গে আগের দিনের বিক্ষোভে নিহত দুই যুবকের আত্মীয়দের সংঘাত হয়েছে। দুই যুবককে সমাহিত করার সঙ্গে সঙ্গেই সংঘর্ষ শুরু হয়।
"পরিস্থিতি এখনো জটিল" বলে জানান তিনি।
এর আগে লিবিয়ার কুরিনা পত্রিকা জানায়, আল বায়েদায় বিক্ষোভ-সংঘর্ষে দু'যুবকের মৃত্যুর জেরে আঞ্চলিক নিরাপত্তা প্রধানকে অপসারণ করা হয়েছে। খবরে নিহতের সংখ্যা আরো বেশি জানা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
সরকার বিরোধীরা বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দেওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাপ্রধানকে সরানোর ওই পদক্ষেপ নেয় সরকার। গাদ্দাফি বিরোধীরা অনলাইনে লোকজনকে বৃহস্পতিবার 'ক্ষোভ দিবস' পালনের আহ্বান জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৪০৯ ঘ.
bdnews24