ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাহরাইনের রাজধানী মানামা জুড়ে পুলিশের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। পুলিশের হামলায় তিন বিক্ষোভকারী নিহত ও শতাধিক আহত হয়েছে।
মানার কেন্দ্রস্থল পার্ল স্কয়ারে সোমবার থেকে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ওপর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে হামলা চালায় দাঙ্গা পুলিশ। কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সেখান থেকে তাড়ানো হয়। এ সপ্তাহের শুরুর দিকে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে দুই জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়।
নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করে আল জাজিরার এক প্রতিবেদক বলেন, "সংঘর্ষ কেবল এক জায়গায় সীমাবদ্ধ নেই। শহরের বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে পড়েছে।"
শহরের নানা জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে বলেও জানায় আল জাজিরা।
মানার সালমানিয়া হাসপাতালের সামনে জড়ো হওয়া কয়েকশ' বিক্ষোভকারী ক্ষমতাসীন রাজপরিবারকে ইঙ্গিত করে স্লোগান দেয়, "আল-খলিফার পতন হোক। শহীদের রক্ত বৃথা যাবে না।"
তাহরির স্কয়ারের সফল বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে সরকার পরিবর্তনের দাবিতে পার্ল স্কয়ারে অবস্থান নেয় বাহরাইনের কয়েক হাজার মানুষ।
বাহরাইনের ওয়াদ পার্টির সদস্য ইব্রাহিম শরীফ বিবিসিকে জানান, পার্ল স্কয়ারে ঘুমিয়ে থাকা মানুষের ওপর হামলা করেছে পুলিশ।
তিনি বলেন, "সারাদিন শোনা গেছে, সেখান থেকে সরার জন্য আমাদেরকে আরো ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে। কিন্তু কোনো হুঁশিয়ারি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে।"
বাহরাইনের বিরোধী শিয়া জোট ওয়েফাকের এমপি আব্দুল জলিল খলিল বিক্ষোভকারীদের ওপর পুলিশের ওই হামলাকে 'চরম সন্ত্রাস' বলে অভিহিত করে বলেন, "বিক্ষোভকারীদের হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।"
গণবিক্ষোভের মুখে তিউনিসিয়া ও মিশরের প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়ার ঘটনায় অনুপ্রাণিত হয়ে সোমবার থেকে বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
দেশে গণতান্ত্রিক সংস্কার, খলিফা পরিবারের আধিপত্যের সমাপ্তি, প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার পদত্যাগ, রাজবন্দিদের মুক্তি এবং কর্মসংস্থান ও আবাসনের দাবিতে বিক্ষোভ করছে জনতা। ৪০ বছর ধরে প্রধানমন্ত্রীর ক্ষমতা ধরে রেখেছেন খলিফা বিন সালমান।
১৯৭১ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সংখ্যাগরিষ্ঠ শিয়া মতাবলম্বীদের সঙ্গে অভিজাত সুন্নিদের সংঘর্ষ হয়। শিয়াদের অভিযোগ, ক্ষমতাসীন সুন্নিদের নিপীড়নের শিকার তারা। ১৯৯৯ সালে দেশটির আমির হন সুন্নি নেতা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। ২০০২ সালে আমির থেকে বাদশা হন হামাদ।
মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে বাদশা হামাদ বিক্ষোভকারীদের মৃত্যুতে অনুতাপ প্রকাশ করে দেশে রাষ্ট্রীয় ক্ষমতার সংস্কার করা হবে বলে ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৮৪৭ ঘ.
bdnews24