২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩

বাহরাইনের রাজধানী মানামায় পার্ল স্কয়ারে বিক্ষোভকারীদের একটি ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে গেলে অন্ততপক্ষে ৩ জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 08:24 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

মানামা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনের রাজধানী মানামায় পার্ল স্কয়ারে বিক্ষোভকারীদের একটি ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে গেলে অন্ততপক্ষে ৩ জন নিহত হয়। বৃহস্পতিবার দিনের প্রথমভাগে পুলিশের ওই অভিযানের বর্ণনা দিয়ে একজন বিক্ষোভকারী রয়টার্সকে টেলিফোনে বলেন, "পুলিশ আমাদের দিকে কাঁদুনে গ্যাস ছুঁড়তে ছুঁড়তে আসে।" অপর এক বিক্ষোভকারী বলেন, "আমি আহত হয়েছি, আমার রক্ত ঝরছে। তারা আমাদের হত্যা করছে।" এ সময় পুলিশ রাবার বুলেটও ছোড়ে বলে জানা গেছে। পুলিশ এসে আন্দোলনকারীদের তাঁবু ছিঁড়ে ফেলে তাদের মারধর করে হটিয়ে দেয়। বাহরাইনের বিরোধীদলীয় আইনপ্রণেতা ইব্রাহিম মাত্তার বলেন, "আমি সেখানে ছিলাম। মানুষ দিক্বিদিক শূন্য হয়ে ছোটাছুটি করছিল। কিন্তু নারী ও শিশুদের জন্য বিষয়টি সহজ ছিল না। তাদের কেউ কেউ তখনো চত্ত্বরের ভেতরেই ছিল।" ইব্রাহিম মাত্তার বাহরাইরেন শিয়াপন্থী প্রধানবিরোধী দল ওয়েফাক পার্টির একজন আইনপ্রণেতা। বুধবার নানা দাবিতে মানামার পার্ল স্কয়ারে জমায়েত হয় সরকারবিরোধী হাজার হাজার বিক্ষোভকারী। তাদের দাবি-দাওয়ার মাঝে রয়েছে দেশটির সাংবিধানিক সংস্কার, রাজনৈতিক বিবেচনা বন্দিদের মুক্তিসহ একজন নাগরিকের যেসব স্বাভাবিক অধিকার হরণ করা হয়েছে তার অবসান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টুইটার বার্তায় জানায়, "নিরাপত্তা বাহিনী পার্ল স্কয়ার খালি করতে সক্ষম হয়েছে।" বুধবার ওয়েফাক পার্টি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে। নতুন ওই সংবিধানের দাবি পূরণ হলে দেশটিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হবে। ওয়েফাক পার্টির সাধারণ সম্পাদক শেখ আলি সালমান এক সাংবাদিক সম্মেলনে বলেন, "আমরা কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র চাই না। আমরা গণতন্ত্র চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস। আর তা করতে হলে নতুন সংবিধান প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/১৭২৩ ঘ.