নয়াদিল্লি, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে দুর্নীতি কেলেঙ্কারির কারণে খোঁড়া প্রধানমন্ত্রীতে পরিণত হওয়ার সমালোচনা নাকচ করে মনমোহন সিং বুধবার বলেছেন, তিনি ক্ষমতায় থেকে আন্তরিকভাবে কাজ করে যাবেন।
টেলিযোগাযোগ খাতে মোবাইল ফোন লাইসেন্স বিক্রি করা নিয়ে দুর্নীতির কারণে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
ভারতে বোফর্স কেলেঙ্কারির পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে এই টেলিকম কেলেঙ্কারি।
২০০৮ সালে টেলিকম মন্ত্রী আন্ডিমুথু রাজা কয়েকটি কোম্পানির কাছে অত্যন্ত অল্প দামে মোবাইল ফোন লাইসেন্স বিক্রি করার কারণে সরকার প্রায় ৪ হাজার কোটি ডলারের রাজস্ব হারিয়েছে।
এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই সরকারের সমালোচনা শুরু হয়। বিরোধীরা সংসদ বর্জন শুরু করে। পদত্যাগ করতে বাধ্য হন আন্ডিমুথু রাজা।
তারপরও এর জের থামেনি। বিরোধীদল সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে এবং প্রধানমন্ত্রী তাতে রাজিও হয়েছেন বলে জানা গেছে।
তবে এই কেলেঙ্কারিতে সরকারের হৃত ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী বুধবার টেলিভিশনে সরাসরি একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে ওই মন্তব্য করেন।
বক্তব্যে তিনি স্বীকার করেন যে, লোকজন এখন তাকে ও তার সরকারকে 'খোঁড়া হাস' বলে ডাকছে।
তবে তিনি বলেন, লোকে যাই বলুক সমালোচনা মুক্ত হতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।
দুর্নীতির অভিযোগের কারণে তার পদত্যাগের খবর প্রসঙ্গে মনমোহন বলেন, তিনি কখনোই এ কথা ভাবেননি। জনগণ তাকে দেশ পরিচালনার ভার দিয়েছে এবং তিনি তা করে যাবেন।
তিনি বলেন, "আমরা কার্যকরভাবে দেশ পরিচালনার জন্য এখানে আছি, সমস্যা আসলে তা সামাল দিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়া আমাদের কাজ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৮ ঘ.
bdnews24