লাহোর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গুলি করে দুই পাকিস্তানিকে হত্যার অভিযোগে লাহোরের কারাগারে আটক মার্কিন কনস্যুলেট কর্মী রেমন্ড ডেভিসের কূটনৈতিক ছাড় আছে বলে বুধবার জানিয়েছেন পাকিস্তানের এক কর্মকর্তা।
তবে ডেভিস মুক্তি পাবেন কিনা সে ফয়সালা করবে স্থানীয় আদালত।
পাকিস্তান সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তারা ডেভিসের কূটনৈতিক ছাড় সম্পর্কিত সব প্রাসঙ্গিক আইন-কানুন আদালতের সামনে পেশ করবেন এবং প্রাথমিকভাবে এটিকে কূটনৈতিক ছাড়ের মামলা হিসাবেই তুলে ধরবেন। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত আদালতই নেবে।
যুক্তরাষ্ট্র আগে থেকেই ডেভিসের কূটনৈতিক ছাড় আছে দাবি করে অবিলম্বে তার মুক্তি চাইছে। কিন্তু পাকিস্তান এতোদিন ডেভিসের কূটনৈতিক মর্যাদার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে এসেছে।
ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে বিরোধ দেখা দেয়। এখন খোদ পাকিস্তানই ডেভিসের কূটনৈতিক অব্যাহতির স্বীকৃতি দেওয়ায় দুপক্ষের মধ্যে সম্পর্কে টানাপোড়েন কমবে বলে মনে করা হচ্ছে।
ডেভিসকে মুক্ত করার চেষ্টায় ইতোমধ্যেই পাকিস্তানে গেছেন মার্কিন সিনেটর জন কেরি। ওদিকে, তালেবানরা আগেভাগেই ডেভিসের মুক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছে পাকিস্তানের শাসকরা তাকে মুক্তি দিলে হামলার টার্গেট হবে।
তালেবানদের হামলার হুমকি এবং পাকিস্তানিদের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় পাকিস্তান ডেভিসকে মুক্তি দেওয়া না দেওয়ার বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আদালতে ডেভিসের মুক্তির আবেদন দাখিল করবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, লাহোরে মার্কিন কনস্যুলেট কর্মী রেমন্ড ডেভিস গত মাসে দুপাকিস্তানিকে গুলি করে হত্যার কথা স্বীকার করলেও বলেছেন, ডাকাতি থেকে বাঁচতে তিনি গুলি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৩ ঘ.
bdnews24