সাও পাওলো, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের সাবেক স্ট্রাইকার 'দ্য ফেনোমেনন' খ্যাত রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তী স্ট্রাইকার ৩৪ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নিলেন।
সোমবার সাও পাওলোতে করিন্থিয়ানসের প্রশিক্ষণ কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন রোনালদো। এসময় তার দুই ছেলে পাশে ছিল।
সাংবাদিক সম্মেলনে রোনালদো বলেন, "আমার পেশাদার ফুটবলজীবনের সমাপ্তি ঘোষণা করতেই আজ আমি এখানে এসেছি।"
রোনালদো বলেন, "প্রত্যেকেই আমার ইনজুরির ইতিহাস জানেন। আর এটাই ফুটবলকে এখনি বিদায় জানাতে আমাকে বাধ্য করেছে।"
আবেগঘন কণ্ঠে রোনালদো আরো বলেন, "যা আপনাকে খুব সুখী করে, যা আপনাকে অনেক দিয়েছে, যা আপনি অনেক ভালোবাসেন, যা আপনি এখনো করে যেতে চান তা ছেড়ে দেওয়া ভীষণ কঠিন। মানসিকভাবে এখনো আমি খেলে যেতে চাই। কিন্তু একজনকে তার ঘাটতিও মেনে নিতে হবে। আমার শরীর আর পারছে না।"
দক্ষিণ আমেরিকা অঞ্চলের চ্যাম্পিয়নস লিগ হিসেবে পরিচিত কোপা লিবার্তোদোরেস থেকে করিন্থিয়ানস বাদ পড়ে যাওয়ায় অশ্র"সিক্তচোখে রোনালদো সমর্থকদের কাছে ক্ষমা চান।
১৮ বছরের ক্যারিয়ারে অনেক রোনালদো বিশ্বের সব বড় শিরোপার স্বাদই গ্রহণ করেছেন। শুধু কোপা লিবার্তোদোরেস শিরোপাই তার জেতা হয়নি।
ফিফার তিনবারের বর্ষসেরা রোনালদো ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্কোয়াডে দুইবার থাকলেও ২০০২ সালে প্রায় একাই জিতিয়েছেন শিরোপা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৫ গোলের কৃতিত্ব শুধু তারই দখলে।
রোনালদো বিশ্বের শীর্ষস্থানীয় চার ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও এসি মিলানের হয়ে খেলেছে। ২০০৯ সাল থেকে তিনি ব্রাজিলের করিন্থিয়ানসে আছেন।
ক্যারিয়ারের অনেকটা সময় ইনজুরির কারণে ফুটবল মাঠ থেকে বাইরে থাকতে হয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়কে।
ফুটবলকে বিদায় জানালেও করিন্থিয়ানসের সঙ্গে তার গাটছড়া আজীবন অটুট থাকবে বলে মন্তব্য করেন রোনালদো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৭ ঘ.
bdnews24