সানা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ-এর সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার রাজধানী সানার দক্ষিণের শিল্পনগরী তাইজে বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্টের সমর্থকদের সংঘাত ঠেকাতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু তারপরেও সংঘর্ষ চলতে থাকে।
ওদিকে, সানা বিশ্ববিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী সরকারবিরোধী বিক্ষোভ করে। তারা স্লোগান দেয়, "এই আলী, বের হও, বের হও"।
প্রেসিডেন্ট সালেহকে ইঙ্গিত করে বিক্ষোভকারীরা বলে, "ক্ষমতা থেকে সরে যাওয়া ছাড়া আর কোনো সমাধান নেই।"
সেখানে বিক্ষোভ ঠেকাতে জড়ো হয় সরকার সমর্থকদের প্রায় একশ' জনের একটি দল। সংঘর্ষ এড়াতে দু'পক্ষের মাঝে অবস্থান নেয় পুলিশ।
গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি তিউনিসিয়ার ১৯ বছরের শাসক জিনে আল আবিদিনে বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে গেলে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই সরকারবিরোধী আন্দোলন শুরু হয়।
২৫ জানুয়ারি থেকে মিশরে শুরু হয় গণবিক্ষোভ। বিক্ষোভের মুখে গত শুক্রবার ক্ষমতা ছাড়েন ৩০ বছরের শাসক হোসনি মুবারক।
গত মাসের শেষদিকেই ইয়েমেনে সরকারবিরোধী আন্দোলন শুরু হলেও মুবারকের পদত্যাগে বিক্ষোভকারীরা উজ্জীবিত হয়ে বিক্ষোভ জোরদার করেছে।
রোববার প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে বিক্ষোভকারীরা যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। তাছাড়া গত চার দিন ধরেই দেশটিতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩১ ঘ.
bdnews24