সামারা, ইরাক, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাকের সামারা শহরের কাছে শনিবার একটি আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে।
সামারায় ধর্মীয় শোক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া শিয়া মতাবলম্বীদের ওপর ওই হামলা হয়েছে বলে একটি পুলিশ সূত্র জানিয়েছে।
নাম উল্লেখ না করে ওই পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়,"হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।"
৮৭৪ খ্রিস্টাব্দে নিহত এক ইমামের মাজার জিয়ারত করতে সামারায় যাওয়া শিয়াদের ওপর এ সপ্তাহে আত্মঘাতী হামলার দ্বিতীয় ঘটনা এটি। বৃহস্পতিবার সেখানে শিয়াদের ওপর আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়।
অন্য একটি পুলিশ সূত্র জানায়, ইমামের মাজার জিয়ারত শেষে একটি বাসে করে সামারা ছাড়ার পথে শিয়া সদস্যদের ওপর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় শনিবারের এ হতাহতের ঘটনা ঘটেছে।
তৃতীয় এক পুলিশ সূত্র জানিয়েছে, বিস্ফোরকের বেল্ট পরিহিত এক আত্মঘাতীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
ইরাকে শিয়া মতাবলম্বীদের ওপর প্রায়ই আত্মঘাতী বোমা হামলা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৪০ ঘ.
bdnews24