ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে সরকারিবিরোধী বিক্ষোভ করছে জনতা।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আলজিয়ার্সে প্রায় দুই হাজার মানুষ কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অনেককে গ্রেপ্তার করে পুলিশ।
গণতান্ত্রিক অধিকার, সরকার পরিবর্তন এবং কর্মসংস্থানের দাবি জানায় বিক্ষোভকারীরা।
এ বিক্ষোভকে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলেছেন বিরোধী দল 'র্যালি ফর কালচার অ্যান্ড ডেমোক্রাসি'র (আরসিডি) নেতা সাদি।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, "এটা কোনো সংগঠিত বিক্ষোভ নয়, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ।"
তিনি জানান, বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ এবং আলজিয়ার্সে আরসিডির কার্যালয়ের বাইরে থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯৯২ সাল থেকে দেশটিতে জরুরি অবস্থা বহাল থাকায় সেখানে সরকারবিরোধী বিক্ষোভ নিষিদ্ধ।
শুক্রবার মিশরের শাসক মুবারকের পদত্যাগে উল্লসিত জনতা আলজিয়ার্সে জড়ো হতে গেলে তাদের বাধা দেয় পুলিশ।
শনিবারের বিক্ষোভ দমনে আলজিয়ার্সে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
এদিকে, আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফিকার সমর্থকরাও সরকারকে সমর্থন জানাতে রাস্তায় নেমেছে বলে জানিয়েছে বিবিসি।
স
bdnews24