২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুবারকের পদত্যাগে বিশ্বনেতাদের সন্তোষ

হোসনি মুবারকের পদত্যাগকে স্বাগত জানিয়েছে বিশ্বনেতারা। মিশরের এই মুহূর্তটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তারা বলেছেন, মিশরের জনগণের এই আনন্দে তারাও শামিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 06:15 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

কায়রো, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হোসনি মুবারকের পদত্যাগকে স্বাগত জানিয়েছে বিশ্বনেতারা। মিশরের এই মুহূর্তটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তারা বলেছেন, মিশরের জনগণের এই আনন্দে তারাও শামিল। পাশাপাশি মিশরের গণতন্ত্রে উত্তরণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মুবারকের পদত্যাগ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মুবারকের পদত্যাগকে "স্বচ্ছ, নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ' বলে আখ্যা দিয়েছেন করেছেন। এছাড়াও তিনি মিশরে একটি "অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য' নির্বাচন দেখতে দেখতে চেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, "মিশরের জনগণ তাদের রায় দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে সত্যিকারের গণতন্ত্র ছাড়া অন্য কোনোকিছুই তারা মেনে নেবে না।" তবে তিনি আরো বলেন, সামনের দিনগুলো আরো কঠিন হবে। এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা রয়েছে। সামরিক বাহিনী দেশপ্রেম ও দায়িত্ব নিয়েই কাজ করছে, তবে এ মুহূর্তে তাদের মিশরের জনগণের কাছে নিজেদের বিশ্বস্ততা প্রমাণ করতে হবে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, "আজ বিশাল আনন্দের দিন।" এক সাংবাদিক সম্মেলনে মার্কেল বলেন, "আমরা সবাই এই ঐতিহাসিক পরিবর্তনের প্রত্যক্ষদর্শী। মিশরের রাস্তায় উল্লসিত জনগণের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি।" যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মিশরে ক্ষমতার এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের ইতিহাসেরও এক 'স্মরণীয় মুহূর্ত'। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন বলেছেন, "ইইউ হোসনি মুবারকের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে। পদত্যাগ করে তিনি মিশরের জনগণের কথা রেখেছেন এবং দ্রুত সংস্কারের পথ খুলে দিয়েছেন।" "মিশরের ভবিষ্যৎ নির্ভর করছে সে দেশের সাধারণ মানুষের ওপর। আর ইইউ সামর্থ্য অনুযায়ী যে কোনোভাবে তাদের সহায়তা করতে প্রস্তুত," বলেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেন, "সাম্প্রতিক এ পরিবর্তন দেশটিতে স্থিতিশীলতা এবং ক্ষমতার স্বাভাবিক প্রক্রিয়াকে পুনর্গঠন করবে। আমরা আশা করছি যে শুধু সরকারি দল নয়, বরং বিরোধী দলও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আগ্রহ দেখাবে।" দেশটির এক জেষ্ঠ্য কর্মকর্তা বলেন, "এ পদত্যাগ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে কি না তা মন্তব্য করার সময় এখনো হয়নি। তবে আমরা আশা করছি যে সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবেই গণতন্ত্রের দিকে মিশরের যাত্রা অব্যাহত থাকবে।" ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলেছেন, "মিশরীয় জাতিকে আমি অভিনন্দন জানাই। তাদের আনন্দে আমরা একাত্ম। আমি আশা করি মিশরের গণআন্দোলন জোরদার হয়ে তাদের দাবি আদায়ের দিকে এগিয়ে যাবে। ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "মুবারকের পদত্যাগ মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর কেমন প্রভাব ফেলবে, তা বলার সময় এখনও হয়নি। আমাদের প্রত্যাশা, মিশরে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উত্তরণ হবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে।" গাজার শাসক গোষ্ঠী হামাসের মুখপাত্র স্যামি আবু জুহরি বলেছেন, "মিশরের জনগণের আত্মত্যাগ ও দৃঢ়তার জন্যই এ বিজয় সম্ভব হয়েছে।" গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার ও দুই দেশের মানুষের স্বাধীন ও অবাধ যাতায়াতের জন্য রাফা সীমান্ত অঞ্চল দ্রুত উন্মুক্ত করে দেওয়ার জন্য মিশরের নতুন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘের সাবেক প্রধান পরমাণু অস্ত্র পরিদর্শক মোহাম্মদ এল বারাদি বলেন, "আজ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন।" প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি মুবারকের পদত্যাগ দাবিতে মিশরে যে আন্দোলন শুরু হয়, ক্রমশ সেটি ব্যাপক গণবিক্ষোভে রূপ নেয়। অবশেষে ১৮ দিনের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হন মুবারক। এর মধ্যদিয়ে দেশটিতে মুবারক জমানার অবসান হলো। হোসনি মুবারক টানা ৩০ বছর মিশর শাসন করেন। মিশরে আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই সময় পর্যন্ত দেশ পরিচালনা করবে সেনাবাহিনীর ওই পর্ষদ। আর এর নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী হুসেন তান্তাভি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২০০ঘ.