ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তান শুক্রবার ছোট আকারের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছে। মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫৪ থেকে ২২ টিতে নামিয়ে আনা হয়েছে।
সরকারের ব্যয় কমাতে এবং বিরোধীদলের ১০ দফা অর্থনৈতিক কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ ছোট মন্ত্রিসভা গড়লেন।
তিনি ৫ জন নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। আগেকার অনেক মন্ত্রী নতুন মন্ত্রিসভায় থাকলেও নেই পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
ভারত ও পাকিস্তান সদ্যই সব ইস্যু নিয়ে শান্তি আলোচনা শুরু করতে রাজি হওয়ার এ সময়ে কুরেশি মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন।
তবে শান্তি আলোচনার সঙ্গে কুরেশিকে অপসারণে কোনো সম্পর্ক নেই কিংবা পররাষ্ট্র নীতি পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।
অন্যান্য যারা মন্ত্রিসভায় নেই তাদের মধ্যে একজন হচ্ছেন, তথ্যমন্ত্রী ওমর জামান কায়রা এবং অপরজন, বিদ্যুৎ মন্ত্রী পারভেজ আশরাফ। তবে অর্থমন্ত্রী পদে সম্ভবত বহাল থাকছেন হাফিজ শেখ।
পাকিস্তানে সরকারের খরচ কমানোর পরিকল্পনার আওতায় বুধবার পদত্যাগ করেন মন্ত্রিসভার সদস্যরা।
দেশে অর্থনৈতিক সঙ্কটের মুখে মন্ত্রীদের সংখ্যা এক তৃতীয়াংশেরও বেশি কমানো এবং সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ক্ষমতাসীন দলের মুখপাত্র ফারাহনাজ ইস্পাহানি।
ফারাহনাজ বলেন, "এ সময়টিতে মন্ত্রিসভা ছোট থাকাটাই জরুরি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৬ ঘ.
bdnews24