ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা 'বিদায়ী শুক্রবার'-নাম দিয়ে রাজপথে নেমেছে। সারাদেশে চলছে লাখো মানুষের বিক্ষোভ।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে মুবারক পদত্যাগে অস্বীকৃতি জানানোয় বিক্ষোভকারীরা এদিন ২০ লাখ মানুষের বিক্ষোভের ডাক দেয়।
আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অসংখ্য মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছে।
শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি শান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি অবস্থা তুলে নেবে সেনাবাহিনী। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণে সাংবিধানিক সংশোধনের ব্যাপারেও প্রতিশ্র"তি দেয় তারা।
তবে সেনাবাহিনীর এসব প্রতিশ্র"তি প্রত্যাখান করে মুবারকের পদত্যাগের দাবিতে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে 'বিদায়ী শুক্রবার'-এ ২০ লাখ মানুষকে রাজপথে নামার ডাক দেয় বিক্ষোভকারীরা।
মুবারকের ক্ষমতা না ছাড়ার ঘোষণার আগে এ দিনটিকে 'শহীদদের শুক্রবার' হিসেবে পালনের পরিকল্পনা ছিলো বিক্ষোভকারীদের।
২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে উৎসর্গ করার পরিকল্পনা করে তারা। বিক্ষোভকারী-পুলিশ সহিংসতায় এ পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
মিশরের দ্বিতীয় বৃহত্তম নগরী আলেকজান্দ্রিয়ার উপকণ্ঠে একটি মসজিদ ও তার আশপাশের এলাকায় শুক্রবারের জুমায় লাখো মানুষ সমবেত হয়। মুবারকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে তারা।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, কায়রোর নিকটবর্তী শহর গিজা থেকে অসংখ্য মানুষ মুবারকের পদত্যাগ দাবিতে তাহরির স্কয়ারের দিকে এগোচ্ছে এবং তাদের একাংশ প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে যাত্রা করেছে।
মাহালা, তান্তা, ইসমাইলিয়া ও সুয়েজ শহরেও চলছে মুবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০৪ ঘ.
bdnews24