২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে গণতন্ত্র উত্তরণে স্পষ্ট বক্তব্য চান ওবামা

গণতন্ত্রে উত্তরণে মিশর সরকারকে 'বিশ্বাসযোগ্য, সুনির্দিষ্ট ও বাস্তব' পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রে উত্তরণে মিশর সরকারকে 'বিশ্বাসযোগ্য, সুনির্দিষ্ট ও বাস্তব' পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পদত্যাগের গুঞ্জন নাকচ করে বৃহস্পতিবার প্রেসিডেন্ট হোসনি মুবারক টেলিভিশনে ভাষণ দেওয়ার পর এক লিখিত বিবৃতিতে ওবামা এ মন্তব্য করেন বলে বিবিসি জানায়। মিশরবাসীদের উদ্দেশে দেওয়া ভাষণে মুবারক বলেন, সেপ্টেম্বরের নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। তবে কিছু ক্ষমতা তিনি তার ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানের কাছে হস্তান্তর করবেন। দেবেন। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত ও পরিষ্কারভাবে আর কিছু তিনি বলেননি। মিশরের প্রেসিডেন্টের দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, সরকার প্রকৃতই গণতন্ত্রে উত্তরণের ব্যাপারে আন্তরিক কি না, সে বিষয়ে এখনো সন্দিহান মিশরের জনগণ। ওবামা বলেন, "মিশরের সরকারকে বিশ্বাসযোগ্য, সুনির্দিষ্ট ও বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রকৃত গণতন্ত্রে উত্তরণের পথে অগ্রসর হতে হবে। কিন্তু তাদের দিক থেকে এ সুযোগ গ্রহণ করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।" মুবারকের ওই ভাষণের পর ওবামা হোয়াইট হাউসে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে সভা করার পর লিখিত এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে ওবামা মিশরে বিবদমান সবপক্ষকে সর্বোচ্চ সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানান। মুবারকের ওই ভাষণ প্রত্যাখ্যান করেছে মিশরের সরকারবিরোধী আন্দোলনকারীরা। শুক্রবার নতুন করে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২০ ঘ.