লন্ডন, ফেব্র"য়ারি, ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র মিশরে সাহায্য কর্মসূচি বন্ধ করলে সৌদি আরব প্রেসিডেন্ট হোসনি মুবারকের পাশে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ হুঁশিয়ারি দিয়েছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ।
মিশরে আন্দোলনের জোয়ারে অবিলম্বে পদত্যাগের চাপের মুখে থাকা হোসনি মুবারককে যেনো অপদস্থ করা না হয়। ২৯ জানুয়ারিতে ওবামাকে টেলিফোনে একথা বলেছেন আবদুল্লাহ।
রিয়াদের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে 'দ্য টাইমস' পত্রিকা বৃহস্পতিবার এ খবর জানায়।
২৯ জানুয়ারির ওই টেলিসংলাপের আগের দিনই হোয়াইট হাউস বলেছিলো, তারা মিশরে এক শতাধিক কোটি ডলারের সাহায্য দেওয়ার বিষয়টি নতুন করে ভেবে দেখবে।
এর পরিপ্রেক্ষিতেই মিশরকে প্রয়োজনে তহবিল যোগানোর ওই ইঙ্গিত দেয় সৌদি আরব।
যদিও পরে মার্কিন কর্মকর্তারা জানান, মিশরে সাহায্য কর্মসূচির বিষয়টি ভেবে দেখা দেখির কোনো পরিকল্পনা আপাতত নেই।
উল্লেখ্য, মিশরে সরকার এবং আন্দোলনকারী দুপক্ষকে সমর্থন করা না করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে যুক্তরাষ্ট্র।
মিশর সরকারকে সমর্থন না দিলে দেশটিতে মুসলিম ব্রাদারহুডের মতো কট্টরপন্থি দল উঠে আসার আশঙ্কা, আর অন্যদিকে গণতন্ত্রের দাবি সমর্থন-- দুইই দ্বিধায় ফেলেছে যুক্তরাষ্ট্রকে।
মধ্যপ্রাচ্যে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র তার প্রভাব অক্ষুন্ন রাখার স্বার্থে দীর্ঘদিন থেকেই বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে মিশরের সঙ্গে সখ্যতা জিইয়ে রেখেছে।
মিশরে গণআন্দেলনের মুখে যুক্তরাষ্ট্র অবিলম্বে ক্ষমতার পরিবর্তনের আহ্বান জানালেও এ মুহূর্তেই মুবারকের পদত্যাগের দাবিকে তেমনভাবে সমর্থন জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এলকিউ/১৯০৮ ঘ.
bdnews24