কায়রো, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- মিশরে অবিলম্বে রাজনৈতিক পরিবর্তন আনার যুক্তরাষ্ট্রের আহ্বানের তীব্র সমালোচনা করেছে কায়রো। যুক্তরাষ্ট্র মিত্রদেশটির ওপর তাদের চিন্তা-ভাবনা চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল গেইত।
মিশরে তড়িঘড়ি কোনো রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র মিশরে জরুরি অবস্থা তুলে নেওয়ার যে দাবি জানিয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন গেইত।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ মিশরের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া উচিত না ওয়াশিংটনের।
সম্প্রচারমাধ্য পিবিএস এর সঙ্গে এক সাক্ষাৎকারে গেইত বলেন, "মিশরের মতো এত বড় একটি বন্ধু দেশ যে কিনা সবসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে বেশি সুসম্পর্ক বজায় রেখে চলেছে, তাকে যখন আপনারা বলেন-- এখনই, এ মুহূর্তে, অবিলম্বে এটা বা সেটা করতে হবে তখন তা কোনো কিছু চাপিয়ে দেওয়ার মতোই মনে হয়--- আপনারা তার ওপর আপনাদের ইচ্ছা চাপিয়ে দিচ্ছেন।"
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মিশরে অবিলম্বে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বানেরও তীব্র সমালোচনা করে গেইত বলেন, এতে তিনি 'বিস্মিত' হয়েছেন।
আন্দোলনের দুসপ্তাহে কায়রোর দৃশ্যপট কতখানি বদলে গেছে আর দেশটির ভবিষ্যৎসহ মধ্যপ্রাচ্যে আগামীতে যুক্তরাষ্ট্রের প্রভাব কতটা অনিশ্চিত হয়ে পড়েছে সেকথাই মনে করিয়ে দিচ্ছে মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই নতুন সংঘাত।
মিশরের আন্দোলন জোরদার হতে থাকায় যুক্তরাষ্ট্র বারবারই কায়রোয় সরকারকে আরো বেশিকিছু করার জন্য চাপ দিচ্ছে। 'প্রয়োজনীয় পদক্ষেপ' নেওয়ার জন্য মিশর সরকারের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, সরকার এমন কোনো 'প্রয়োজনীয় পদক্ষেপ' গ্রহণ করেনি যাতে করে জনগণ আশ্বস্ত হতে পারে। আর এ দুঃখবোধ থেকেই বাইরে প্রতিবাদী মানুষের সংখ্যা বাড়ছে।
গিবস আরো বলেন, মিশরে পরিচালিত যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থাগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করবে মার্কিন সরকার।
মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মিশরে ৩০ বছর ধরে বলবৎ থাকা জরুরি অবস্থা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ওই আহ্বানের পর গিবস এসব কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭৫৭ ঘ.
bdnews24