কায়রো, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- মিশরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবি আদায়ে জোরদার হচ্ছে আন্দোলন। বুধবার বিক্ষোভকারীরা পার্লামেন্টের প্রবেশদ্বার অবরোধ করেছে।
দেশজুড়ে ধর্মঘট পালন করেছে শ্রমিক ইউনিয়নগুলো। তাছাড়া, কায়রোর ৩শ মাইল দক্ষিণে নিউ ভ্যালি প্রদেশে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।
এতে করে আবারো সংঘাতপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে মিশরের পরিস্থিতি। তারপরও সহসাই পদত্যাগ করছেন না মুবারক। সেপ্টেম্বরের নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকতে তিনি সংকল্পবদ্ধ।
কিন্তু মুবারকের বিদায়ের দাবিতে অনড় বিক্ষোভকারীরা মঙ্গলবার থেকেই নতুন করে বড় ধরনের আন্দোলন শুরু করেছে।
গত ২৫ জানুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর কায়রোয় মঙ্গলবারই সবচেয়ে বেশি জনসমাগম হয়।
বুধবার বিক্ষোভকারীরা তাহরির চত্বর থেকে কয়েক ব্লক দূরে পার্লামেন্টে প্রবেশদ্বার অবরুদ্ধ করে রাখার চেষ্টা শুরু করেছে।
বিভিন্ন শহরে চলছে প্রতিবাদ-সমাবেশ। শুক্রবার আরো বড় আকারের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এদিন রাষ্ট্রীয় বেতার-টেলিভিশন কেন্দ্রেও বিক্ষোভের পরিকল্পনা করেছেন আয়োজকরা।
বিক্ষোভ ক্রমেই জোরালো হয়ে উঠছে বলে জানিয়েছেন বিক্ষোভকারী কারাম মোহাম্মদ।
"আমরা একটু একটু করে তাদের ওপর চাপ বাড়াচ্ছি। পরিশেষে তাদের পতন ঘটবে", বলেন তিনি।
পরবর্তী সবচেয়ে বড় আন্দোলনটা হবে শুক্রবার। কায়রোর এক প্রকৌশলী মোহাম্মদ সাদিকের উক্তি, "জনগণ বেতার-টেলিভিশন কেন্দ্রে সমবেত হবে......... এতেই তাড়াতাড়ি তিন/চারদিনের মধ্যে মুবারকের পতন ঘটবে।"
তাহরির স্কয়ারে অবস্থানকারী তরুণ আহমেদ বলেন, "আমরা তাদের আর বিশ্বাস করি না।" তিনি আরো বলেন, " তরুণদের ওপর হামলা-নির্যাতনের চিত্র দেখার পর আর নির্যাতন-সহিংসতা হবে না বলে সোলাইমানের দেওয়া নিশ্চয়তার ওপর কীভাবে আস্থা রাখবো আমরা?"
এই বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে জনগণকে সামরিক অভ্যুত্থানের ভয় দেখিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ওমর সোলাইমান। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সাংবিধানিক সংস্কার ব্যর্থ হলে সামরিক অভ্যুত্থান ঘটবে।
বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের সংলাপ ব্যর্থ হলে সামরিক অভ্যুত্থানই হয়তো একমাত্র বিকল্প হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।
মিশরে চলমান সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় ২৯৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ সংস্থাটি সাতটি হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা প্রকাশ করে।
কায়রো, আলেকজান্দ্রিয়া ও সুয়েজের সাতটি হাসপাতাল থেকে এই সংখ্যা পাওয়া গেছে। তবে মৃতের এই সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি মিশর সরকার।
হতাহতের ঘটনা ছাড়াও আন্দোলনে বিপর্যস্ত হয়েছে অর্থনীতি। আর্থিক ক্ষতির পরিমাণ ৩১ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে হিসাব দিয়েছেন মিশরের ক্রেডিট এগ্রিকোল ব্যাংকের বিশ্লেষকরা।
ভাইস প্রেসিডেন্ট সোলাইমান বলেছেন, "দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি সামলানো সম্ভব নয়। দ্রুত এর অবসান ঘটানো প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৯৫১ঘ.
bdnews24