২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিকাসোর 'লা লেকতুরে ফেটচেস' নিলামে বিক্রি

বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর গোপনপ্রণয়ীকে মডেল করে আঁকা 'লা লেকতুরে ফেটচেস' চিত্রকর্মটি লন্ডনে নিলামে ৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর গোপনপ্রণয়ীকে মডেল করে আঁকা 'লা লেকতুরে ফেটচেস' চিত্রকর্মটি লন্ডনে নিলামে ৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ৬ মিনিটের এই নিলাম ডাকে অজ্ঞাত এক ব্যক্তি টেলিফোনে চিত্রকর্মটি কিনে নেন বলে বুধবার বিবিসি জানায়। পিকাসোর গোপনপ্রণয়ী ম্যারি তেরেসা ওয়াল্টারকে মডেল করে পিকাসো তার এই বিখ্যাত চিত্রকর্মটি আঁকেন। তেরেসার সঙ্গে পিকাসোর বয়সের ব্যবধান ছিল ২৮ বছর। যখন প্যারিসে তাদের প্রথম সাক্ষাৎ হয় তখন ওয়াল্টারের বয়স ছিল ১৭ আর পিকাসোর ৪৫। ওয়াল্টারের কম বয়স ও পিকাসো বিবাহিত হওয়ার কারণে তাদের প্রেমের সম্পর্কটি বহু বছর গোপন রাখা হয়। পরবর্তী সময়ে পিকাসোর সঙ্গে পরিচয়পর্বের স্মৃতিচারণ করেন ওয়াল্টার। প্রথমবার যখন পিকাসোর সঙ্গে তার পরিচয় হয়, তখনো পিকাসোর সম্পর্কে কিছু তো জানতেনই না, এমন কী তার নামও শোনেননি কখনো। পিকাসোই প্রথম তার সঙ্গে কথা বলেন, "আমি পিকাসো... তুমি এবং আমি মিলে একসঙ্গে মহৎ কিছু সৃষ্টি করতে পারি।" তাদের গোপন প্রেমের সম্পর্কটি ধরা পড়ে একটি চিত্র প্রদর্শনীতে। সেখানে 'লা লেকতুরে ফেটচেস' প্রদর্শিত হওয়ার পরই পিকাসোর স্ত্রী বুঝতে পারে তার জীবনে অন্য কোনো নারী প্রবেশ করেছে। এ ঘটনার পর পিকাসোর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। পিকাসো ও ওয়াল্টারের একটি মেয়ে রয়েছে। তার নাম মায়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৪১ ঘ.