২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুবারকের বিরুদ্ধে নবদ্যোমে 'নীল বিপ্লব'

মিশরে বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার ও বিরোধীপক্ষের আলোচনা। মুবারকের বিরুদ্ধে এবার নবদ্যোমে বিপ্লবে নামছে বিক্ষোভকারীরা। এই বিপ্লবকে বলা হচ্ছে 'নীল বিপ্লব'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

কায়রো, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মিশরে বিক্ষোভ ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার ও বিরোধীপক্ষের আলোচনা। মুবারকের বিরুদ্ধে এবার নবদ্যোমে বিপ্লবে নামছে বিক্ষোভকারীরা। এই বিপ্লবকে বলা হচ্ছে 'নীল বিপ্লব'। অবিলম্বে মুবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা কায়রোর তাহরির চত্বর দখল করে রেখেছে। একদিন আগে সরকারের সঙ্গে বিরোধীপক্ষের আলোচনার পরও গণঅসন্তোষ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মুবারক পদত্যাগ না করা পর্যন্ত মঙ্গলবার এবং শুক্রবার রাস্তায় রাস্তায় আরো গণবিক্ষোভ করার শপথ নিয়েছে আন্দোলনকারীরা। এ পরিস্থিতির মধ্যে সোমবার প্রথম পূর্ণ বৈঠক করেছে প্রেসিডেন্ট হোসনি মুবারকের নতুন মন্ত্রিসভা। কিন্তু আলোচনায় মূলত কোনো অগ্রগতি হয়নি। মুবারক সেপ্টেম্বরে নির্বাচনের আগে ক্ষমতা ছাড়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। পদত্যাগ করলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বলে যুক্তি দেখিয়েছেন তিনি। ওদিকে, মিশরের সাবেক বাণিজ্যমন্ত্রী রাচিদ মোহাম্মদ রাচিদও বলেছেন, "আগামী কয়েকমাসে দেশে ক্ষমতার উত্তরণের পরবর্তী ধাপে মুবারকের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।" কিন্তু অবিলম্বে মুবারকের প্রস্থানের দাবিতে সোমবার টানা ১৪ দিনের মতো উত্তাল কায়রোর তাহরির চত্বর। সরকার আলোচনায় অনেক ছাড় দিলেও বিক্ষোভকারীরা বলছে তা পর্যপ্ত নয়। মুবারক পদত্যাগ করলেই তাহরির চত্বরের দখল ছাড়া হবে বলে জানিয়েছে তারা। বিক্ষোভকারীদের এ অনড় অবস্থানের মুখে মিশরে স্বাভাবিক জীবযাত্রা ফিরিয়ে আনার কর্তৃপক্ষের সব চেষ্টা মুখ থুবড়ে পড়েছে। কিছু কিছু ব্যাংক খুললেও, স্কুল এবং স্টক এক্সচেঞ্জ বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ একটি সরকারি অফিস খুলতে বাধা দিয়েছে বিক্ষোভকারীরা। মুবারকের ৩০ বছরের শাসনাবসানের দাবিতে টানা দু সপ্তাহের অস্থিরতার পর মিশরে বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ালো। এ পর্যন্ত বিক্ষোভে শতাধিক মানুষ নিহত হয়েছে। বিডিনিউজটোয়েন্টিফোর/ডটকমএলকিউ/২০৪৪ ঘ.