কায়রো, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- মিশরে সংকট মোকাবেলায় উপায় খুঁজতে রোববার প্রভাবশালী বিরোধীদল মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান।
বৈঠকে জনদাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে ব্রাদারহুড। মিশরে নিষিদ্ধ ঘোষিত দল ব্রাদারহুডের সঙ্গে সরকার এই প্রথম আলোচনায় বসলো।
এ দলটি ছাড়াও আলোচনায় অংশ নিচ্ছে ওয়াফদ ও তাগাম্মু পার্টিসহ অন্যান্য আরো বেশ কয়েকটি দল ও আইন বিশেষজ্ঞরা।
তাছাড়া, শীর্ষ ব্যবসায়ী নাগুয়িব সাওয়িরি এবং এল বারাদির একজন প্রতিনিধিও আলোচনায় উপস্থিত রয়েছেন। বৈঠকে অংশগ্রহণকারীরা একথা জানিয়েছে।
ব্রাদারহুড বলেছে, তারা কেবলমাত্র প্রেসিডেন্ট কখন এবং কিভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন সেটি নিয়েই আলোচনা করতে চায়।
ওদিকে, অন্যান্য বিরোধীদলগুলো বলেছে, মোবারক সরে না দাঁড়ানো পর্যন্ত তারা কোনোকিছু নিয়ে আলোচনায় যাবে না।
কিন্তু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বলছেন, পরবর্তী প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পরিবর্তন সাধনের ক্ষমতা কেবল প্রেসিডেন্টেরই আছে।
সেক্ষেত্রে এ পরিবর্তন আনার জন্য প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেই তাকে একপাশে সরিয়ে রাখা সঙ্কটের একটি সম্ভাব্য সমাধান হতে পারে।
তবে সংবাদদাতারা বলছেন, বিরোধীদলের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার বিষয়টি। এতে করে মোবারকের পদত্যাগ করা নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে। তবে এ মুহূর্তে এ সমস্যারই সুরাহা করার চেষ্টা চলছে।
মুবারকের পদত্যাগের দাবিতে টানা ১১ দিনের বিক্ষোভে অচল হয়ে হয়ে পড়েছে রাজধানী কায়রোসহ মিশরের বড় শহরগুলো। এর মধ্যে বিক্ষোভকারীদের সবচেয়ে বড় জমায়েত কায়রোর তাহরির স্কয়ারে।
বিক্ষোভকারীদের দাবি, মুবারককে এখনি পদত্যাগ করতে হবে। আন্দোলনের মুখে মুবারক বলেছেন, আগামী সেপ্টেম্বরে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়েই বিদায় নেবেন তিনি।
চলমান এ সঙ্কটে প্রভাবশালী বিরোধী দল মুসলিম ব্রাদারহুড শনিবার সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা জানায়।
কট্টর ইসলামী হিসেবে পরিচিত এ দলের এক মুখপাত্র জানান, রোববার সকাল ১১টায় (কায়রো সময়) মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় বসতে চান তারা।
মুবারকের প্রস্থানের সম্ভাব্য পন্থা এবং বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা জানায় তারা ।
চলমান সরকাবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৩ শতাধিক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
৩০ বছরের শাসনে এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়লেন মুবারক। বিক্ষোভ শুরুর পর মন্ত্রিসভা ভেঙে দেন তিনি। গঠন করেন নতুন মন্ত্রিসভা।
এরপর শনিবার ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আনা হয়। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সেক্রেটারি জেনারেলের পদে সাফওয়াত এল-শরিফের জায়গায় আনা হয় হোসাম বদরাবিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এলকিউ/১৯০৯ ঘ.
bdnews24