২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে স্থিতি ফেরাতে চেষ্টা, সক্রিয় ব্রাদারহুড

মিশরে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের মধ্যেই জনজীবন সচল করার চেষ্টা করছে হোসনি মুবারক সরকার। অন্যদিকে সঙ্কট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে প্রভাবশালী বিরোধী দল মুসলিম ব্রাদারহুড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 05:28 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

কায়রো, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের মধ্যেই জনজীবন সচল করার চেষ্টা করছে হোসনি মুবারক সরকার। অন্যদিকে সঙ্কট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে প্রভাবশালী বিরোধী দল মুসলিম ব্রাদারহুড। মুবারকের পদত্যাগের দাবিতে টানা ১১ দিনের বিক্ষোভে অচল হয়ে হয়ে পড়েছে রাজধানী কায়রোসহ মিশরের বড় শহরগুলো। এর মধ্যে বিক্ষোভকারীদের সবচেয়ে বড় জমায়েত কায়রোর তাহরির স্কয়ারে। বিক্ষোভের মধ্যেই রোববার দোকান-পাট খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে হাত লাগিয়েছে সেনাবাহিনীও, যদিও প্রতিরক্ষা বাহিনী বিক্ষোভ দমনে কঠোর হতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তবে সরকারের পক্ষ-বিপক্ষ উভয়কেই শান্ত থাকতে বলেছে তারা। সেনাপ্রধান হাসান আল রোয়েনি শনিবার রাতে তাহরির স্কয়ারে যান। সেখানে বিক্ষোভকারীদের ঘিরে আছে সেনাসদস্যরা। হাসান বলেন, "আমরা চাই, মানুষ কাজে ফিরে যাক। জনজীবনে স্থিতিশীলতা ফিরে আসুক।" বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেন তিনি। বিক্ষোভকারীদের দাবি, মুবারককে এখনি পদত্যাগ করতে হবে। আন্দোলনের মুখে মুবারক অবশ্য বলেছেন, আগামী সেপ্টেম্বরে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়েই বিদায় নেবেন তিনি। চলমান এ সঙ্কটে প্রভাবশালী বিরোধী দল মুসলিম ব্রাদারহুড শনিবার বলেছে, সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে তারা। কট্টর ইসলামী হিসেবে পরিচিত এ দলের এক মুখপাত্র বলেন, রোববার সকাল ১১টায় (কায়রো সময়) মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় বসবেন তারা। ব্রাদারহুড বলছে, মুবারকের প্রস্থানের সম্ভাব্য পন্থা এবং বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় তুলবেন তারা। চলমান সরকাবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৩ শতাধিক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। ৩০ বছরের শাসনে এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়লেন মুবারক। বিক্ষোভ শুরুর পর মন্ত্রিসভা ভেঙে দেন তিনি। গঠন করেন নতুন মন্ত্রিসভা। এরপর শনিবার ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আনা হয়। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সেক্রেটারি জেনারেলের পদে সাফওয়াত এল-শরিফের জায়গায় আনা হয় হোসাম বদরাবিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১২০ ঘ.