২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় যৌন নির্যাতিতদের জন্য পুনর্বাসন কেন্দ্র

কঙ্গোয় যৌন সহিংসতার শিকার হওয়াদের জন্য প্রথম পুনর্বাসন কেন্দ্র চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

কিনসাসা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোয় যৌন সহিংসতার শিকার হওয়াদের জন্য প্রথম পুনর্বাসন কেন্দ্র চালু হয়েছে। জাতিসংঘের অর্থায়নে 'সিটি অব জয়' নামের এ পুনর্বাসন কেন্দ্রটি শুক্রবার থেকে কার্যক্রম শুরু করে। এই কেন্দ্র থেকে প্রতি বছর যৌন সহিংসতার শিকার প্রায় ১৮০ জন নারীকে চিকিৎসা ও প্রশিক্ষণ দেওয়া হবে। দেশটির প্রেসিডেন্ট যোসেফ কাবিলার স্ত্রী অলিভ লেম্বে কাবিলাও এ কেন্দ্রের কর্মকাণ্ডে সহায়তা দিচ্ছেন। দেশটির বিক্ষুব্ধ পূর্বাঞ্চলে ধর্ষন ও যৌন সহিংসতা প্রায় নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। গত মাসেই ওই অঞ্চলে শতাধিক নারী, পুরুষ ও শিশুদের যৌন সহিংসতার শিকার হয়েছে বলে জানা যায়। নির্দিষ্ট কোনো হিসাব না থাকলেও জাতিসংঘ দাবি করছে, দেশটির উত্তর ও দক্ষিণ কিভুতে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে ১৬০ জন নারী ধর্ষনের শিকার হয়। স্থানীয় পানজি হাসপাতালের চিকিৎসক নেনে রুকুঙ্গু বলেন, এটি যেনো এখন সংস্কৃতি হয়ে গেছে। ছেলে-বুড়ো, যাজক থেকে শুরু করে যে কেউ এ কাজ করতে পারে। আইনি সংস্থা ল'ইয়ার্স উইদআউট বর্ডার্স বলছে, দেশের দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থাই এ অবস্থার জন্য দায়ী। তাই বিচার ব্যবস্থার উন্নয়নে আরো অর্থায়নের জন্য সরকারকে অনুরোধ জানিয়ে যাচ্ছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩০০ ঘ.