ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের প্রতি 'সঠিক সিদ্ধান্ত' গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি মোবারককে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের যে আহ্বান জানিয়েছিলেন তাও পুনর্ব্যক্ত করেন ওবামা।
মিশরে চলমান সরকারবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওবামা এই আহ্বান জানান।
তবে মার্কিন প্রেসিডেন্ট মোবারককে এখনি পদত্যাগের কথা বলেননি বলে শনিবার বিবিসিসূত্রে জানা গেছে।
ওয়াশিংটনে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, "সমগ্র বিশ্ব তাকিয়ে আছে।"
মোবারকে এখনি পদত্যাগের আহ্বান না জানালেও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অবিলম্বে শুরুর আহ্বান পুনর্ব্যক্ত করেন ওবামা।
মোবারকের উদ্দেশে তিনি বলেন, "জনগণ কী বলছে তা তার (মোবারক) শোনা প্রয়োজন এবং এ থেকে বিচার-বিবেচনা করে সামনে এগোতে হবে। সেটাই হবে সুশৃঙ্খল, অর্থবহ, সেটাই গুরুত্বপূর্ণ।"
ওবামা আরো বলেন, "সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তিনি এর সমাপ্তি টানবেন, এটাই আমার আশা।"
এদিকে মিশরের প্রধানমন্ত্রী আহমেদ শফিক জানান, বাস্তবতার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের চলে যাওয়া ঠিক হবে না।
বিবিসিকে শফিক বলেন, গত মঙ্গলবার প্রেসিডেন্ট মোবারক সেপ্টেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার যে ঘোষণা দিয়েছেন, এটিই তার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর শামিল।
তিনি আরো বলেন, "সেই ঘোষণার পর কার্যত প্রেসিডেন্ট ইতোমধ্যে সরেই গেছেন। কিন্তু এই নয়মাস তাকে আমাদের প্রয়োজন।"
প্রসঙ্গত, মোবারক পাঁচ মেয়াদে ৩০ বছর ধরে মিশরের প্রেসিডেন্ট পদে রয়েছেন। এই দীর্ঘ শাসনামলে এবারই প্রথমবারের মতো জনগণের ব্যাপক বিরোধিতার মুখে পড়েছেন তিনি।
মিশরে ১০ দিন ধরে চলমান মোবারকবিরোধী আন্দোলনে সহিংসতায় অন্ততপক্ষে ৩০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৮ঘ.
bdnews24