খার্তুম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সুদানে সরকারবিরোধী বিক্ষোভকারীদেরকে লাঠিপেটা করেছে পুলিশ।
এছাড়া খার্তুমের উপকণ্ঠে বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে সেনার বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রায় ২০০ শিক্ষার্থী সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের হঠিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে রেখেছে পুলিশ।
তিউনিসিয়া ও মিশরের সরকারবিরোধী বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে সুদানেও গত মাসের শেষদিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ বেকারত্ব, দ্রব্যমূল্যবৃদ্ধি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২৩১৮ ঘ.
bdnews24