ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে বেকারত্ব ০ দশমিক ৪ শতাংশ কমেছে বলে শুক্রবার জানিয়েছে শ্রমমন্ত্রণালয়।
বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে বেকারত্বের হার এর আগের মাসের ৯ দশমিক ৪ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৯ শতাংশে।
গত নভেম্বরে বেকারত্বের হার ৯ দশমিক ৮ শতাংশ থেকে কিছুটা কমে আসার পর এ নিয়ে দ্বিতীয়বার বেকারত্বের হার কমলো।
তবে বেকারত্বের হার কমলেও কর্মসংস্থান আশানুরূপভাবে বাড়েনি। ১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির আশা থাকলেও মাত্র ৩৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
জানুয়ারিতে প্রবল তুষারপাতই এর কারণ বলে মনে করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে বেশিরভাগ মানুষই ঘরে বসে থাকায় কাজে লোক নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩৭ ঘ.
bdnews24