লাহোর, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাহোরে দুই পাকিস্তানিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মার্কিন নাগরিক রেমন্ড ডেভিসকে ঘটনার তদন্তের প্রয়োজনে আরো আট দিন পুলিশি হেফাজতে রাখা হবে।
আদালত বৃহস্পতিবার তার হেফাজতের এই মেয়াদ বৃদ্ধি করে। কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। সাংবাদিকদেরকে আদালতে যেতে দেওয়া হয়নি।
হাইকোর্টের ডেপুটি প্রসিকিউটর জেনারেল আবদুল সামাদ জানান, পুলিশ কর্মকর্তারা আদালতে বলেছেন, এই ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি।
আদালত তাকে আরো আট দিন হেফাজতে রাখার অনুমতি দেয়।
যুক্তরাষ্ট্র ডেভিসকে কূটনৈতিকভাবে দায়মুক্তির সুবিধা ভোগকারী ব্যক্তি হিসাবে উল্লেখ করে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পরও তাকে আটক রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলেছে, ডেভিস একজন কূটনীতিক।
লাহোরে দুই পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করার অভিযোগে গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করা হয়। ডেভিস অবশ্য বলেছে, ডাকাতির সময় আত্মরক্ষার্থে তিনি গুলি করেছেন।
লাহোর হাইকোর্ট গত মঙ্গলবার তাকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর না করার আদেশ দিয়ে বলেছে, তার কূটনৈতিক দায়মুক্তি আছে কি নেই সে সিদ্ধান্ত আদালত নেবে।
এদিকে যুক্তরাষ্ট্রের বিরোধী ইসলামি সংগঠনগুলো তাকে মুক্তি না দেওয়ার দাবি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/২০০৫ ঘ.
bdnews24