ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হোসনি মুবারককে বাদ দিয়ে বর্তমান সরকারের একাংশও বিরোধীদের নিয়ে মিশরে অন্তবর্তী সরকার গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালে (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজ চায়, মিশরের বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সুযোগ দিয়ে দেশটির সংবিধান সংশোধন ও নির্বাচনের প্রস্তুতির কাজ করবে ওই সরকার।
বুধবার রাতে কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভরতদের ওপর মোবারক সমর্থকদের হামলায় অন্তত ছয়জন নিহত আট শ'র বেশি মানুষ আহত হয়েছে। মুবারকের পদত্যাগের দাবিতে গত ২৫ জানুয়ারি থেকে বিক্ষোভ করছে মিশরের জনগণ।
জনগণের দাবির মুখে মঙ্গলবার মুবারাক বলেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আর অংশ নেবেন না। এর মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন।
ডব্লিউএসজে'র প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সাবেক প্রধান পরমাণু অস্ত্র পরিদর্শক এল বারাদি বুধবার এক সাক্ষাতকারে অন্তবর্তী সরকার হিসেবে সামরিক বাহিনীর সদস্য অন্তর্ভুক্ত করে তিন সদস্যের একটি প্রেসিডেন্সিয়াল পরিষদের প্রস্তাব করেন।
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তবর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলেও মনে করেন এল বারাদি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একটি অন্তবর্তী সরকার গঠন সমর্থন করছেন বলেও জানান বারাদি।
২৫ জানুয়ারি মিশরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম সরাসরি কায়রোর বিপরীতে অবস্থান নিলো ওয়াশিংটন।
হোয়াইট হাউসের প্রেস সচিব রবার্ট গিবস তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, "এ ঘটনা চরম সন্ত্রাস ও অবর্ণনীয়।"
মিশরের সবচেয়ে সংগঠিত বিরোধী পক্ষ 'মুসলিম ব্রাদারহুড' নিয়ে মিত্র দেশ ইসরায়েলের উদ্বেগকেও যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএসজে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০৩৬ ঘ.
bdnews24