ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে ১৭তম বারের মতো ভোটাভুটিতে যাচ্ছেন আইনপ্রণেতারা।
নেপালের পার্লামেন্ট ৬০১ আসন বিশিষ্ট। বর্তমান পার্লামেন্টে প্রধান চারটি দল থেকেই প্রধানমন্ত্রী পদে প্রার্থী রয়েছে বলে বৃহস্পতিবার বিবিসি জানায়।
প্রধান চারটি দল হচ্ছে, কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী), দ্য নেপালি কংগ্রেস পার্টি, কমিউনিস্ট পার্টি অব নেপাল (মার্কস ও লেনিনবাদী) ও মাদ্দেশি পিপলস রাইটস ফোরাম।
গত জুনে রাজনীতিকরা একজন প্রধানমন্ত্রী নির্বাচন করতে ব্যর্থ হওয়ার পর থেকে নেপাল একটি কার্যকর সরকার ছাড়াই পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে ১৬ বার ভোটাভুটিতে অংশ নিয়েছেন আইনপ্রণেতারা। কিন্তু প্রতিবারই তারা সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হন।
কিন্তু এবার নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এরফলে আশা করা হচ্ছে একজন নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে নেপাল।
প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হতে হলে প্রার্থীকে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এ লক্ষ্যে আগামী কয়েকদিনের মধ্যে তিন দফা ভোটাভুটির কথা রয়েছে।
নেপালি পার্লামেন্টে কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। ফলে যারাই সরকার গঠন করুক না কেন তাদের অন্যদলের সঙ্গে জোটবদ্ধ হতে হবে।
কিন্তু দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাসের কারণে কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আর কারা সরকার গঠন করবে, এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩২ ঘ.
bdnews24