হাভানা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবা খুব শিগগিরই আরো চার রাজবন্দিকে মুক্তি দেবে। মুক্তি দেওয়ার পরপরই তাদের স্পেনে পাঠিয়ে দেওয়া হবে।
রাজনৈতিক কারণে কারাবরণকারীদের ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত কিউবা সরকার নিয়েছে তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ বলে বুধবার জানিয়েছে দেশটির রোমান ক্যাথলিক চার্চ।
এর মধ্যদিয়ে গত গ্রীষ্মকাল থেকে মুক্তি পাওয়া কারাবন্দির সংখ্যা ৬০-এ উন্নীত হতে যাচ্ছে। কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে ক্যাথলিক চার্চের চুক্তির আওতায় বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।
গত জুলাইয়ে প্রেসিডেন্ট কাস্ত্রো ৫২ জন রাজবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।
কারা পরিস্থিতি উন্নয়নের দাবিতে ৮৫ দিন অনশনে থাকা এক কারাবন্দি মৃত্যুবরণ করার পর আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে কিউবা। এরপরই এই উদ্যোগ নেওয়া হয়।
তবে কারাগারে আটক যে ৫২ জনকে মুক্তি দেওয়ার ব্যাপারে কাস্ত্রো অঙ্গীকার করেছিলেন তাদের মধ্যে ১১ জন অজ্ঞাত কারণে এখনো বন্দি রয়েছেন।
সম্প্রতি যে চারজনকে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তারা ওই ৫২ জনের তালিকায় ছিলেন না।
এ পর্যন্ত যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই স্পেন যেতে সম্মত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৯ ঘ.
bdnews24