২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে আন্দোলনকারীদের সঙ্গে মোবারকপন্থীদের সংঘর্ষে নিহত ৩

মিশরে মোবারক সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের রাতভর সংঘর্ষে অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 05:18 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে মোবারক সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের রাতভর সংঘর্ষে অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছে। কায়রোর স্বাধীনতা চত্ত্বরে (তাহরির স্কয়ার) অবস্থানরত বিক্ষোভকারীদের হঠাতে মোবারকপন্থীরা উট ও ঘোড়ায় চড়ে আক্রমণ চালায়। পাশাপাশি বৃহস্পতিবার সকালে কায়রোর তাহরির স্কয়ারে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর নিকটবর্তী অক্টোবর ব্রিজ থেকে মোবারকপন্থীরা গুলি ছোঁড়ে। এতে অজ্ঞাত সংখ্যক মানুষ আহত হয়েছে। বিবিসি জানায়, বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পাথর ছাড়াও মলটভ বোমা ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। বেশ কয়েকঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নিহত হয় তিনজন। আল জাজিরা জানিয়েছে, এই সংঘর্ষে আহত হয়েছে প্রায় দেড়হাজার মানুষ। তবে নিহতরা মোবারকপন্থী নাকি আন্দোলনকারী তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও রয়েছে বলে জানা গেছে। মিশরের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ সামেহ এপি সংবাদ সংস্থাকে বলেন, সেতু থেকে পড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্য মারা গেছে। নয়দিনব্যাপী চলা সরকারবিরোধী আন্দোলনে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। তবে এরপরও রাজপথ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে আন্দোলনকারীরা। তারা প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগের দাবিতে অনড়। তবে প্রেসিডেন্ট মোবারক জানিয়ে দিয়েছেন, তিনি তার মেয়াদ শেষ করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। ওই নির্বাচনে তিনি আর অংশ না নেওয়ারও ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট হোসনি মোবারক পাঁচ মেয়াদে টানা ৩০ বছর ধরে মিশর শাসন করছেন। মিশরের আলেকজান্দ্রিয়াতেও মোবারক সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সহিংসতার খবর পাওয়া গেছে। সরকারবিরোধী আন্দোলনকারীদের দাবি হামলাকারীরা পুলিশ বাহিনীর সদস্য। তারা সাধারণ পোশাক পরে আন্দোলনকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে। বুধবার বিশৃঙ্খলা ঠেকাতে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে বলে জানা গেছে। মিশরে নয়দিনের মোবারকবিরোধী আন্দোলনে সহিংসতায় অন্ততপক্ষে ৩০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৫ ঘ.