২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নেমেছে মোবারক সমর্থকরা, চলছে সংঘর্ষ

কায়রোর তাহরির চত্বরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের সমর্থকদের সঙ্গে বিরোধীদের তুমুল সংঘর্ষে নতুন মোড় নিয়েছে মিশরের পরিস্থিতি। সংঘর্ষে কয়েকজন আহতও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

কায়রো, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- কায়রোর তাহরির চত্বরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের সমর্থকদের সঙ্গে বিরোধীদের তুমুল সংঘর্ষে নতুন মোড় নিয়েছে মিশরের পরিস্থিতি। সংঘর্ষে কয়েকজন আহতও হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, কয়েক হাজার বিক্ষোভকারীর দখলে থাকা তাহরির চত্বরের ব্যারিকেড সরিয়ে কয়েক শ' মোবারক সমর্থক সেখানে প্রবেশ করামাত্র সংঘর্ষ শুরু হয়। ছড়ি এবং পাথর নিয়ে একে অপরের ওপর চড়াও হয় তারা। ওদিকে, বিক্ষোভকারীদের ভাষ্য, মোবারক সমর্থকদের কয়েকজন পুলিশ বাহিনীর সদস্য। তাদের কেউ সাদা পোশাকে ঘোড়ায় চড়ে আবার কেউ উটের পিঠে চড়ে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তারা ছড়ি এবং চাবুক ঘুরিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে আতঙ্কে অনেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্সের সংবাদাতারা। তবে সেনাবাহিনী মোবারক বিরোধীদের এখন পর্যন্ত ছত্রভঙ্গ করার কোনো চেষ্টা চালায়নি বলে জানান তারা। সেনাবাহিনী জনগণকে শান্ত হয়ে ঘরে ফিরতে বলার পরপরই এ সংঘর্ষ শুরু হলো। দুপক্ষে সংঘর্ষ ছড়িয়ে পড়ার জন্য মোবারক সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর লোকজন জড়িত থাকার অভিযোগ করেছেন খলিল নামের এক বিক্ষোভকারী। তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ ঘটনায় পুলিশ জড়িত থাকার কথা অস্বীকার করেছে। মোবারক সমর্থকদের তাণ্ডবের মুখেও তাহরির চত্বর ছেড়ে না যাওয়ার দৃঢ়সংকল্প ব্যক্ত করেছে বিক্ষোভকারীরা। প্রায় ২ হাজার মোবারক বিরোধী বিক্ষোভকারী মঙ্গলবার রাতভর তাহরির চত্বর দখল করে রাখে। অবিলম্বে মোবারকের গদি ছাড়ার দাবিতে তারা সেখানে অবস্থান করে। এর মধ্যে বুধবার কায়রোর রাস্তায় নামে মোবারকের হাজার হাজার সমর্থক। তারা মোবারক বিরোধীদের বিরুদ্ধে স্লোগান দেয়। মোবারকের সময় শেষ না হওয়া পর্যন্ত তাকে ক্ষমতায় থাকতে দেওয়ার দাবি জানায় তারা। ওদিকে, মোবারক বিরোধীরাও পাল্টা স্লোগান দিতে শুরু করলে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সেনারা এ সংঘর্ষ থামানোর চেষ্টা চালায়। টেলিভিশন ফুটেজে এ দৃশ্য দেখা গেছে। আলেক্সান্দ্রিয়াতেও মোবারক সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। মোবারক পদত্যাগ না করলে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে পদযাত্রা করার পরিকল্পনা জানিয়েছে বিক্ষোভকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২০ ঘ.