লা পাজ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বলিভিয়ার দক্ষিণাঞ্চলে নদী পার হতে গিয়ে বন্যার পানিতে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক ভেসে গেলে অন্ততপক্ষে ৩১ জনের প্রাণহানি ঘটে।
সোমবার দেশটির পুলিশসূত্রে এ খবর জানা যায়। দুর্ঘটনায় বেশকয়েকটি শিশুও মারা গেছে।
সুশ্রি শহর থেকে ১২৫ মাইল দূরে এক প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ প্রধান ইভান মারকুয়েজ রাষ্ট্রনিয়ন্ত্রিত এবিআই সংবাদ সংস্থাকে জানান, "আমরা পুলিশ বাহিনী, প্রাদেশিক সরকারের কর্মী ও সেনাবাহিনী একযোগে নিখোঁজ মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ওই অঞ্চলটি সত্যিই অনেক বড়।"
মারকুয়েজ জানান, গত শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটলেও বিষয়টি তারা কয়েকদিন পর জানতে পারেন। এতে ১৯ জন মানুষ আহত হয়েছে বলেও তিনি জানান।
বলিভিয়া জানুয়ারি মাসজুড়েই ভয়াবহ বন্যা মোকাবিলা করেছে।
বলিভিয়ার বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরলেস জলবায়ুর বিপর্যয়ের কারণে সৃষ্ট বন্যার জন্য উন্নত দেশগুলোর পরিবেশ দূষণকে দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১১ ঘ.
bdnews24