২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থির মিশর কায়রোয় মিছিলে নামছে লাখো মানুষ

প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন ঘটাতে এবার মহা বিক্ষোভে কায়রোয় মিছিলে নামছে লাখ লাখ মানুষ। তাহরির চত্বরে ইতোমধ্যেই জড়ো হতে শুরু করেছে লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

কায়রো, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন ঘটাতে এবার মহা বিক্ষোভে কায়রোয় মিছিলে নামছে লাখ লাখ মানুষ। তাহরির চত্বরে ইতোমধ্যেই জড়ো হতে শুরু করেছে লোকজন। ওই চত্বরে আগে থেকেই উপস্থিত হাজারো মানুষের সঙ্গে যোগ দিচ্ছে আরো মানুষ। মঙ্গলবার লাখো মানুষের এ মিছিলে অগ্নিপরীক্ষার মুখে পড়বেন মুবারক। সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের দমনে শক্তি প্রয়োগে এরই মধ্যে অস্বীকৃতি জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, তারা "জনগণের বৈধ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।" মঙ্গলবারের বিশাল গণমিছিলের ডাক দেওয়ার পরপরই সেনা বাহিনীর পক্ষ থেকে তাদের অবস্থান স্পষ্ট করে এই বিবৃতি দেওয়া হয় বলে বিবিসি জানায়। মিসরের বার্তাসংস্থাগুলোর কাছে পাঠানো বিবৃতিতে সেনা বাহিনী জানায়, "মিসরের মহান জনগণের উদ্দেশে আমরা জানাতে চাই, আপনাদের সশস্ত্রবাহিনী জনগণের বৈধ অধিকার বিষয়ে সচেতন, তারা মিসরের জনগণের বিরুদ্ধে কখনোই শক্তি প্রদর্শন করবে না।" মঙ্গলবার আন্দোলনকারীদের ডাকা বড় ধরনের বিক্ষোভ মিছিলে অন্ততপক্ষে ১০ লাখ মানুষ রাস্তায় নামবে বলে ধারণা করা হচ্ছে। রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া ও সুয়েজের পথে পথে সরকারবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হওয়ার সম্ভাবনা আছে। কায়রো থেকে বিবিসির প্রতিনিধি জানান, কায়রোর স্বাধীনতা চত্ত্বরে (তাহরির স্কয়ার) সেনাসদস্য ও বিক্ষোভকারীরা বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে রয়েছে। তাদের মধ্যে মঙ্গলবারের বিশাল গণমিছিলকে সামনে রেখে উত্তেজনা কমানোর প্রচেষ্টা দেখা গেছে। বিক্ষোভের আয়োজকরা সারারাত কায়রোর স্বাধীনতা চত্ত্বরে অবস্থান করেছে। তারা স্বতঃস্ফূর্ত গান গেয়ে মোবারকবিরোধী স্লোগানে স্লোগানে অংশগ্রহণকারীদের চাঙ্গা রাখার চেষ্টা চালাচ্ছেন। এরআগে সরকারবিরোধী বিক্ষোভ সামলাতে সোমবার মন্ত্রিসভায় রদবদল করেন প্রেসিডেন্ট হোসনি মোবারক। কিন্তু এরপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং উল্টো মোবারককে ক্ষমতা থেকে উৎখাত করতে আন্দোলনকারীরা মঙ্গলবার কায়রোয় 'মহা বিক্ষোভের' ডাক দেয়। মিসরে গত মঙ্গলবার থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। দেশটিতে এই সাত দিনে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একশ'রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.