ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে সরকারবিরোধী বিক্ষোভ সামলাতে সোমবার মন্ত্রিসভায় রদবদল করেছেন প্রেসিডেন্ট হোসনি মুবারক।
কিন্তু মুবারককে ক্ষমতা থেকে উৎখাতে দৃঢ়প্রতিজ্ঞ বিক্ষোভকারীরা মঙ্গলবার কায়রোয় 'মহা বিক্ষোভের' ডাক দিয়েছে।
বিক্ষোভকারীদেরকে পুলিশ লাঠিপেটা করায় এবং তাদের ওপর কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলির পদত্যাগ দাবি করে জনতা।
সদ্য নিয়োগ পওয়া প্রধানমন্ত্রী আহমেদ শফিক সোমবার মন্ত্রিসভা গঠন করেন। নতুন মন্ত্রিসভায় মাহমুদ ওয়াগদিকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। ওয়াগদি এর আগে কায়রোর অপরাধ তদন্ত বিভাগের প্রধান ও দেশটির প্রধান কারারক্ষীর দায়িত্বে ছিলেন।
বিবিসি জানিয়েছে, অর্থমন্ত্রী ইউসেফ বুট্রোস ঘালিকে সরিয়ে সামির মোহাম্মদ রেদওয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দশ লাখের বেশি মানুষকে মঙ্গলবার রাজধানী কায়রোর রাজপথে জড়ো করার পরিকল্পনা করেছে 'এপ্রিল সিক্স মুভমেন্ট' নামের একটি সংগঠন।
সোমবার তাহরির স্কয়ারে মুবারকের পদত্যাগের দাবিতে প্রায় ৫০ হাজার মানুষ বিক্ষোভ করে। সরকারবিরোধী স্লোগান দিতে দিতে দুপুরে তাহরির স্কয়ারে জড়ো হয় তারা।
এ সময় তারা স্লোগান দেয়, 'সরে যাও, আমরা তোমাকে সরাতে চাই'।
বিক্ষোভকারীদের একটি ব্যানারে লেখা ছিল, 'মুবারক পদত্যাগ করার পর আমি ঘরে ফিরবো'।
এদিকে, মোবারকের নিয়তি নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা রোববার মোবারকের সঙ্গে বৈঠক করলেও তারা জনতার প্রতি মারমুখী হয়নি। আবার মোবারকের ওপর থেকে সমর্থনও তুলে নেয়নি সেনাবাহিনী।
সেনা সদস্যরা রাজধানী কায়রোতে দিনভর ট্যাংক নিয়ে সতর্ক পাহারা দেয়। তবে বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে রাতে তাহরির স্কয়ারে বিক্ষোভ করলেও তাদের সরানোর কোনো পদক্ষেপ নেয়নি তারা।
সোমবার সন্ধ্যার দিকে মিশরের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর শক্তিপ্রয়োগ না করার ঘোষণা দিয়েছে।
এর আগে রোববার বিক্ষোভকারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেলজয়ী এল বারাদি বলেন, "পরিবর্তন আসছে"।
তিনি বলেন, "আপনাদের অধিকার আদায় করে নিতে হবে, যে আন্দোলন শুরু হয়েছে তা থেকে সরে যাওয়া যাবে না।"
"আমি মিশরের জনগণের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানাই। আপনারা ধৈর্য ধরুন, কিছু দিনের মধ্যেই পরিবর্তন আসছে", বলেন তিনি।
মিশরে মঙ্গলবার থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
দেশটিতে সাত দিনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে এক শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০০৫৭ ঘ.
bdnews24