বেইজিং, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের গুয়ানডং প্রদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে শনিবার একজন মারা গেছেন।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পেশায় বাস চালক ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি হংকং সীমান্তবর্তী শেনঝেনের বাসিন্দা। ২১ ডিসেম্বর থেকে তিনি অসুস্থ বোধ করেন এবং ২৫ ডিসেম্বর মারাত্মক নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে বার্ড ফ্লুর ভাইরাস ‘এইচ৫এন১’ পাওয়া গেছে বলেও সিনহুয়া জানিয়েছে।
আক্রান্ত হওয়ার আগে ওই ব্যক্তি হাঁস মুরগী পালন করতেন না বা কোনোভাবে এসব প্রাণীর সংস্পর্শে এসেছিলেন বলে জানা যায়নি। এছাড়া শহর ছেড়েও গ্রামাঞ্চলেও কোথাও যাননি তিনি।
প্রায় ১০ দিন আগে একটি মরা মুরগী পরীক্ষা করে ‘এইচ৫এন১’ ভাইরাস পাওয়ার পর পাইকারি বাজার থেকে ১৭ হাজার মুরগী সংগ্রহ করে নিধন করে হংকং। সেইসঙ্গে চীন থেকে পরবর্তী ২১ দিন তাজা মুরগী আমদানি নিষিদ্ধ করে।
‘এইচ৫এন১’ ভাইরাসে সাধারণত পাখি আক্রান্ত হয়ে থাকে এবং পরে তা মানুষের শরীরে সংক্রামিত হয়।
স¤প্রতি বিশ্বের বিভিন্ন অঞ্চলে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। বিশেষ করে শীতের সময় পূর্ব এশিয়ার দেশগুলোতে এর প্রকোপ বেশি দেখা যায়।
এ ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে লাখ লাখ মানুষের প্রাণহানির কারণ হতে পারে বলে গবেষকরা আশঙ্কা করছেন।
২০০৩ সাল থেকে এ পর্যন্ত সাড়া বিশ্বে বার্ড ফ্লুতে ৫শ ৭৩ জন আক্রান্ত হয়েছেন এবং ৩শ’ ৩৬ জন মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৮১৮ ঘ.
bdnews24