বৈরুত, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরব লিগের পর্যবেক্ষকদের উপস্থিতির মধ্যেই সিরিয়ার সরকারী বাহিনী আরো ১২ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে, অপরদিকে হমসে নিহত হয়েছে সরকারী বাহিনীর ৫ সদস্য।
পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার লাখ লাখ আন্দোলনকারী সিরিয়াজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভ দমনে সরকার কঠোর দমননীতি অনুসরণ করে।
চলতি বছরের মার্চ থেকে বাশার আল আসাদ সরকারের পদত্যাগ ও রাজনৈতিক অধিকারের দাবিতে আন্দোলন করে আসছে সিরিয়ার গণতন্ত্রপন্থীরা। এদের দমন করতে দেশের শহরগুলোতে ভারী অস্ত্রসহ সেনা ও পুলিশ মোতায়েন করে সরকার।
সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে শহরগুলো থেকে ভারী অস্ত্র ও সেনা সরাতে চাপ দেয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এরই ধারাবাহিকতায় আঞ্চলিক সংগঠন আরব লিগের সাথে একটি চুক্তিও করে আসাদ সরকার। চুক্তির শর্তানুযায়ী ভারীঅস্ত্রসহ সেনা প্রত্যাহার পর্যবেক্ষণ করতে গত সোমবার সিরিয়ায় যায় একটি পর্যবেক্ষক দল।
আন্দোলনকারীরা পর্যবেক্ষকদের সামনে তাদের আন্দোলনের ব্যাপকতা প্রদর্শনে শুক্রবার সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের ডাক দেয়। এতে সারা দিয়ে লাখ লাখ সরকারবিরোধী আন্দোলনকারী পথে নেমে আসে।
আন্দোলনকারীদের ধারণা ছিলো পর্যবেক্ষকদের উপস্থিতিতে সরকারী বাহিনী সংযত থাকবে, কিন্তু তা হয়নি। আগের মতোই সমান হিংস্রতা নিয়ে বিক্ষোভ মোকাবেলা করে সরকারী বাহিনী।
সরকারী বাহিনীর গুলিতে হামায় পাঁচজন, দেরায় পাঁচজন ও ইদলিবে দুজন বিক্ষোভকারী মারা যায় বলে মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে।
এছাড়া দৌমায় ২৪ জন ও ইদলিবে ৩৭ জন আহত হয়েছেন বলে জানায় তারা।
রাজধানী দামেস্কর উপশহর দৌমায় বিক্ষোভকারীদের ওপর সরকারী বাহিনী কাঁদানে গ্যাস ছুঁড়লে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে জবাব দেয়।
ইদলিবের এক অপেশাদার ব্যক্তির ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাদা ক্যাপ ও হলুদ গুলিপ্রতিরোধী পোষাক পরা একদল পযবেক্ষকে ঘিরে সরকার বিরোধী শ্লোগান দিচ্ছে হাজার হাজার আন্দোলনকারী।
“জনতা দেশকে মুক্ত করতে চায়,” এসময় বলছিলো আন্দোলনকারীরা।
ইদলিব থেকে ফোনে আবু খালেদ নামের এক আন্দোলনকারী জানান, পর্যবেক্ষকদের সরকারবিরোধী আন্দোলনের অস্তিত্ব জানান দিতে এ বিক্ষোভের পরিকল্পনা করে তারা।
“এখানে রক্তপাত কোনো ব্যাপার না,” বলেন তিনি।
ইদলিবের অপর এক আন্দোলনকারী মানহাল জানান, “পর্যবেক্ষকদের উপস্থিতিতে সরকারী বাহিনী গুলিবর্ষণ করবে তা আমরা ধারণা করতে পারিনি।”
জাতিসংঘের হিসেবে, গত মার্চ থেকে এ পর্যন্ত সরকারবিরোধী আন্দোলন বন্ধে চালানো দমননীতির কারণে সিরিয়ায় প্রায় ৫ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।
প্রায় প্রতিদিনই এ সংখ্যা বাড়ছেই।
সিরিয়ার পরিস্থিতি “আশ্বস্ত হওয়ার মতো” বলে গত বুধবার মন্তব্য করেছিলেন আরব লিগের পর্যবেক্ষক দলের প্রধান আল দাবি। তার এ মন্তব্যে পর্যবেক্ষক দলের ‘নিরপেক্ষতা’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। তবে শুক্রবার রাশিয়া দাবির মন্তব্যকে ‘স্বাগত’ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৮ ঘ.
bdnews24