ইয়াঙ্গুন, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১২ সালের ১ এপ্রিল উপ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে মিয়ানমার সরকার। এই নির্বাচনের মধ্যদিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি দেশটির পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়।
জানা গেছে, এপ্রিলে অন্ততপক্ষে ৪৮টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে নিম্নœকক্ষে ৪০টি, উচ্চকক্ষে ৬টি ও আঞ্চলিক পার্লামেন্টে ২টি আসনে নির্বাচন হবে।
এর আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে ঐকমত না হওয়ায় গত বছরের নভেম্বরের নির্বাচনে শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) অংশ নেয়নি।
এমন কি ওই নির্বাচনে প্রক্রিয়ায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বাধ্যবাধকতাও তারা মানে নি। এ কারণে এনএলডিকে নিষিদ্ধ করা হয়।
তবে নতুন ও দৃশ্যত বেসামরিক সরকার রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সংস্কার আনার পর এনএলডি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে আগ্রহী হয়। আর এখন তারা সংসদেও বসতে চায়।
দলীয় কর্মকর্তা নিয়ান উইন জানান, নির্বাচন কমিশন এখনও আবেদনপত্রের প্রক্রিয়াকরণ শেষ করেনি এবং এটা শেষ হলেই এনএলডি’র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তবে তিনি জানান, সু চি (৬৬) তার নিজ এলাকা কাওমুর (ইয়াঙ্গুনের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত) থেকে পার্লামেন্টের নিম্নকক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।
মিয়ানমার পার্লামেন্টের এক চতুর্থাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে এবং সেনাবাহিনীর ঘনিষ্ঠ সহযোগী একটি দল ২০১০ সালের নির্বাচনে বেশিরভাগ আসনে জয়ী হয়েছে।
সম্প্রতি দেশটির রাজধানী নাইপিতাওয়ে নির্বাচন কমিশনের চেয়ারম্যান টিন আয়ে এক বৈঠকে সু চিকে জানান, আসন্ন উপ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে কমিশন যথাসাধ্য চেষ্টা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৯ ঘ.
bdnews24