কিংসটন, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জ্যামাইকার জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিরোধী পিপলস ন্যাশনাল পার্টি (পিএনপি) বড় ব্যবধানে জয়ী হয়েছে।
এতে করে পিএনপি’র বর্ষীয়ান নেতা পর্টিয়া সিম্পসন মিলার (৬৬) আবারও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
দেশটির পার্লামেন্টের ৬৩টি আসনের মধ্যে ৪১টি আসনে জয়ী হয়েছে পিএনপি। বাকিগুলো পেয়েছে ক্ষমতাসীন জ্যামাইকান লেবার পার্টি (জেএলপি)।
ফলাফল ঘোষণার পর কিংসটনে দলীয় প্রধান কার্যালয়ে সমর্থকদের ধন্যবাদ জানান মিলার।
সমর্থকদের কাছে সিস্টার পি হিসেবে পরিচিত মিলার বলেন, “আপনাদের সামনে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং পিপলস ন্যাশনাল পার্টি ও এর নেতাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ায় জ্যামাইকার জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।”
১৯৭৬ সালে মিলার পার্লামেন্ট নির্বাচনে প্রথমবারের মতো জয়ী হন। এরপর ২০০৬-০৭ সালে তিনি জ্যামাইকার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
জনপ্রিয়তা কমে যাওয়ায় প্রধানমন্ত্রী ব্র“স গোল্ডিং পদত্যাগ করার পর গত অক্টোবরে বর্তমান প্রধানমন্ত্রী ও জেএলপি নেতা অ্যান্ড্রু হোলনেস (৩৯) প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি হলেন দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
নির্বাচনের ফলাফল মেনে নিয়ে নতুন সরকারের উদ্দেশ্যে হোলনেস বলেন, “এমন কিছু চ্যালেঞ্জ রয়েছে যা এখন তাদেরকে মোকাবিলা করতে হবে। আর এসব চ্যালেঞ্জ সম্পর্কে আমরা বেশ ভালো জানি। আশা করছি, দেশ ও জাতির স্বার্থে তারা ভালো কিছু করবে।”
এ মাসের শুরুতে আকস্মিকভাবে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।
এর আগে দেশটিতে অনুষ্ঠিত সব নির্বাচনেই সহিংসতা হলেও বৃহস্পতিবারের এ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে পর্যবেক্ষকরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫৩৭ ঘ.
bdnews24