২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছর ভেনেজুয়েলায় রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড

২০১১ সালে ভেনেজুয়েলায় রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড ঘটেছে বলে ভেনেজুয়েলার ভায়োলেন্স অবজারভেটরি (ওভিভি) সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 06:19 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালে ভেনেজুয়েলায় রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড ঘটেছে বলে ভেনেজুয়েলার ভায়োলেন্স অবজারভেটরি (ওভিভি) সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। ভেনেজুয়েলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণার ওপর ভিত্তি করে তারা এই তথ্য দিয়েছে বলে বিবিসি জানায়। তাদের হিসেব অনুযায়ী, এ বছর দেশটিতে অন্ততপক্ষে ১৯ হাজার ৩৩৬ জনকে হত্যা করা হয়েছে, যা গড়ে দৈনিক ৫৩ জন ও প্রতি ১ লাখে ৬৭ জন। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ এবং মেক্সিকোর তুলনায় তা চারগুণ বেশি। পার্শ্ববর্তী কলম্বিয়া ও মেক্সিকোতে গত বছর প্রতি ১ লাখে হত্যাকাণ্ডের শিকার হয় যথাক্রমে ৩২ জন ও ১৪ জন। এর আগে গত ফেব্র“য়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী তারেক এল এইসামি কংগ্রেসে জানান, দেশটিতে হত্যাকাণ্ডের হার প্রতি ১ লাখে ৪৮ জন। এক সংবাদ বিবৃতিতে ওভিভি জানায়, “পুরো জাতিকে আমাদের অবশ্যই এটা জানানো উচিত যে, এ দেশের ইতিহাসে সবচেয়ে সহিংস বছর হিসেবে ২০১১ শেষ হতে যাচ্ছে।” তারা জানায়, ১৯৯৯ সালে প্রেসিডেন্ট হুগো শাভেজ ক্ষমতায় আসার পর দেশটিতে ধীরে ধীরে সহিংসতা বেড়েছে। ওই বছর (১৯৯৯) দেশটিতে ৪ হাজার ৫৫০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিলো। সহিংসতা বাড়ার কারণ সম্পর্কে বিস্তারিতভাবে তারা কিছু জানায় নি। তবে তাদের মতে, অপরাধ করে ক্ষমা পেয়ে যাওয়াটাই হলো বড় সমস্যা। দেশটিতে অধিকাংশ হত্যার ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি পায়না। এছাড়া জনগণকে নিজ মালিকানায় বন্দুক রাখার অনুমতি দেওয়াটাও সমস্যা সৃষ্টি করছে বলে ওভিভি জানিয়েছে। হত্যাকাণ্ড ছাড়াও দেশটিতে ডাকাতি ও অপহরণের ঘটনা বাড়ছে। নভেম্বর মাসে হুগো শাভেজ জননিরাপত্তা বাড়াতে পিপলস গার্ড নামে নতুন একটি স্বশস্ত্র বাহিনী গঠন করেন। কারাকাসসহ অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশকে সহায়তা করতে এই বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী বছর দেশটিতে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতা ও হত্যাকাণ্ড একটি বড় ধরনের ইস্যুতে পরিণত হবে। আর দেশের এমন পরিস্থিতিতেই প্রেসিডেন্ট হুগো শাভেজ আরো এক মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ পরিস্থিরি কি প্রভাব ভোটবাক্সে পড়ে তাই এখন দেখার বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০০ ঘ.